
বুধবারই বেলডাঙায় শুরু বাবরি মসজিদের নির্মাণ কাজ। তার আগেই বিজেপি নেতা ও সাংসদ রাজু বিস্তা এই মসজিদ হবে না বলে ঘোষণা করে দিলেন। তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেন, 'হুমায়ুন কবীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল। এর আগেও তিনি এই ধরনের নাটক করেছেন। বাংলায় ২০২৬ সালে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। আর ভারতীয় জনতা পার্টির সরকারে বাবরি মসজিদ হবে না।'
২০২৬-এর নির্বাচন নিয়েও বিরাট দাবি
ছাব্বিশেই ভোট বাংলায়। আর সেই ভোটে বিজেপি ক্ষমতায় আসবে বলেই মনে করেন রাজু। পাশাপাশি তাঁর দাবি, 'ছাব্বিশে বাংলাকে বাঁচানোর জন্য ভোট দিতে হবে। পশ্চিমবাংলার হিন্দুদের বাঁচানোর জন্য ভোট দিতে হবে।'
অনুপ্রবেশ প্রসঙ্গ
নিজের বক্তব্যে অনুপ্রবেশ প্রসঙ্গও তুলে ধরেন রাজু বিস্তা। তিনি বলেন, '২০০৫ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ দেখতে পেতেন। এখন তিনি তাদের আশ্রয় দিয়েছেন। তাই ২০২৬ সালে হিন্দুরা মোদীকে ভোট দেবেন।'
আজই বাবরির কাজ শুরু হয়েছে
বাবরি মসজিদের কাজ যে আজ শুরু হতে চলেছে, সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবীর। তিনি জানান, ১২০০ কণ্ঠে কোরান পাঠের আয়োজন করা হয়েছে। তারপরই শুরু হতে চলেছে মসজিদ তৈরির কাজ।
ইতিমধ্যেই মসজিদের ডিজাইনও নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন হুমায়ুন। আর সেই ডিজাইনের ছবিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। সেই পোস্টে হুমায়ুন কবীর লেখেন।
"শান্তি, ন্যায় এবং বিশ্বাসের জয় হোক"
আলহামদুলিল্লাহ!
আগামী ১১ই ফেব্রুয়ারি
শুরু হচ্ছে পবিত্র বাবরি মসজিদের নির্মাণ কাজ।
ভারতের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা এক নতুন ভোরের অপেক্ষায়।
সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।
[ছবি:- বাবরি মসজিদের প্রথম দফার ডিজাইন]
যদিও মাথায় রাখতে হবে যে বাবরি মসজিদ নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে বিজেপি। তাদের পক্ষ থেকে সব বড় নেতাই জানিয়ে দেন যে মসজিদ তৈরি করতেই পারেন। তবে বিতর্কিত বাবরি মসজিদ তৈরি করা উচিত হবে না।
যদিও শুধু বিজেপি নয়, একাধিক হিন্দু সংগঠন এর বিরোধ করেছে। তাঁরা বাবরি ভেঙে ফেলার ঘোষণাও করে দেয়। তবে সেই সবে কান দিতে চাইছেন না হুমায়ুন। তিনি এই মসজিদ তৈরির জন্য বদ্ধ পরিকর।