
দল থেকে ইতিমধ্যেই অব্যাহতি চেয়েছেন প্রতীক উর রহমান। এমনকী তিনি সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে সরবও হয়েছেন। এরপর থেকেই তিনি অন্য দলে যাবেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে। আর এই প্রতীক উর বিড়াম্বনার মধ্যেই সিপিআইএম-এর যুব নেত্রী দীপ্সিতা ধরকে নিয়েও আলোচনা তুঙ্গে রয়েছে। সূত্রের খবর, এখনও তিনি পার্টির সদস্যপদ রিনিউ করাননি। আর সেই খবর চাউর হতেই 'লাল বাড়ির' মেয়েরও দলত্যাগের জল্পনা বাড়তে শুরু করে।
যদিও এই ধরনের খবরকে গুজব বলে উড়িয়ে দেন দীপ্সিতা। পাশাপাশি তিনি প্রশ্ন করেন, 'দলের সদস্যপদ রিনিউ করাইনি, সেটা মিডিয়ার জানার কথা নয়। কেউ বা কারা এটা ছড়িয়েছে।' এরপরই তাঁর দাবি, এমনটা হওয়ার পিছনে গভীর কোনও 'ষড়যন্ত্র' থাকতে পারে। যদিও কে বা কারা এই খবর ছড়িয়েছে, কারাই বা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই বিষয়ে মুখ খোলেননি এই লড়াকু নেত্রী।
জল মাপছেন?
পার্টির ভিতরের একটা অংশই মনে করছেন যে ভোটের আগে দলের নানা কর্মকাণ্ডে চটে রয়েছেন দীপ্সিতা। তাই তিনি প্রতীক উরের পথে হাঁটতে পারেন। এখন তিনি শুধু জল মাপছেন। আর এই বিষয়েও একটি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন দীপ্সিতা। তিনি সেখানে বলেন, 'সবাই দাবি করছেন আমি জল মাপছি। তবে এই বিষয়টাকে আমি বেশ মজার ছলেই নিয়েছি। কারণ, সত্যিই তো এমন কিছু ঘটছে না। প্রতীক উরদা চিঠি দিয়েছেন। কিন্তু আমি তো কোনও চিঠি দিইনি। অন্য কোনও দলের সঙ্গে কথাও বলছি না। তাহলে তো এটা একটা সুপরিকল্পিতভাবে ছড়ানো খবর। এর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে।'
প্রতীক উরের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে?
বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানলেকেও সাক্ষাৎকার দিয়েছেন দীপ্সিতা। সেখানে তিনি প্রতীক উর প্রসঙ্গে অকপট জবাব দিয়েছেন।
দীপ্সিতা কি প্রতীক উরের সিদ্ধান্ত জানতেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁর সঙ্গে প্রতীক উররের কথা হয়েছে। তবে সেটা নিতান্তই পারিবারিক কথা। সেখানে পদত্যাগের বিষয়ে কোনও কথা হয়নি। আর এটা পার্টির নীতির মধ্যেই পড়ে বলে মনে করছেন দীপ্সিতা।
সদস্যপদ রিনিউ করাবেন
তিনি জানিয়েছেন, তাঁর পার্টির মেম্বারশিপ দিল্লিতে। এখনও রিনিউ করার সময় রয়েছে। তিনি দিল্লি গিয়ে রিনিউ করবেন।
কী নিয়ে জল্পনা?
দলের একটা অংশের দাবি, গত লোকসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন দীপ্সিতা। উত্তরপাড়ায় লিড পেয়েছিলেন। তাই আশা করছিলেন, আসন্ন বিধানসভায় উত্তরপাড়ায় টিকিট পাবেন। যদিও এখন মনে করা হচ্ছে সেই সিটে লড়াই করতে পারেন সিপিআইএম-এর আরও এক নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আর তাতেই নাকি চটেছেন দীপ্সিতা।
যদিও এই ধরনের অভিযোগ সটান উড়িয়ে দিয়েছেন বাম-বিধায়ক পদ্মনিধি ধরের নাতনি। দীপ্সিতার মতে, কে কোথায় লড়বে সেটা পার্টি ঠিক করবে।