
‘২টো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করে পালিয়ে গেল। মাঝখান থেকে স্থানীয় ছেলেমেয়েরা হেনস্থার শিকার। এনআইএ-র নাম করে ৪০-৫০ জনকে গ্রেফতার করা হচ্ছে।’ মালদার কালিয়াচকের মোথাবাড়ির ঘটনা নিয়ে আজ এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সকলকে এই সময় মাথা ঠান্ডা রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
মালদায় মাণিকচকে দাঁড়িয়ে তাঁর আরও অভিযোগ, এখন প্রতিবাদ এবং প্রতিরোধ করলেও কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। নেওয়া হচ্ছে কড়া অ্যাকশন। জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবাদ করাও যাবে না। প্রতিরোধও করা যাবে না। কমিশনের সামনে গিয়ে ডেপুটেশনও দিতে পারবে না। সব কণ্ঠরোধ করতে চাইছে। মনে রাখবেন, মানুষের কণ্ঠরোধ করা যায় না।'
পাশাপাশি তিনি এ দিন ডিলিটেড ভোটারদের পাশে থাকার বার্তাও দেন। তৃণমূল কংগ্রেস আইনজীবী দিয়ে ডিলিটেড ভোটারদের পাশে থাকবেন বলে জানান তিনি। তাঁর কথায়, 'ভোটাধিকার সাংবিধানিক অধিকার। আপনাদেরও সেই মতো কাজ করতে হবে। ট্রাইবুনালে নাম পাঠাতে হবে। এরপর আইনজীবী দেওয়ার দায়িত্ব আমাদের। বাচ্চুদা আমাদের সিনিয়র আইনজীবী। তাঁকে বলেছি। ওদের পরিকল্পনায় নেই, এমন কিছু নেই। এদের মতো নোংরা আর নেই। ছি ছি বিজেপি!’
তিনি আরও দাবি করেন, অনেকরই নাম কেটেছে। আগে কেটে দিয়েছে ৫৮ লক্ষ। আরও ৬০ লক্ষ জেনুইন ভোটার রয়েছে। এমন পরিস্থিতিতে যাঁদের নাম কেটেছে, তাঁরা ট্রাইবুনালে যান। সবাইকে সাহায্য করবে তৃণমূল।
এদিনের সভা থেকেও মমতা বারবার SIR-এর সময় তৃণমূল কী কী কাজ করেছে, সেটা বারবার তুলে ধরেন। তিনি জানান, প্রথম থেকেই এর বিরুদ্ধে রাস্তায় ছিল তৃণমূল। এমনকী কোর্টেও গিয়েছে তৃণমূল। এরপর ট্রাইবুনালেও ভোটারদের সাহায্য করবে তারা।
কংগ্রেসকেও কটাক্ষ করলেন
এই দিনের সভায় কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তিনি অনেকবার কংগ্রেসকে কমিশনে যাওয়ার কথা বলছেন। তবে তাতে সাড়া দেয়নি কংগ্রেসের নেতারা। তারা শুধু ভোটেই জিততে চায় বলে অভিযোগ।
NRC করবে...
এ দিন বক্তব্য রাখার তৃণমূল নেত্রী আবারও বিজেপি NRC করবে বলে অভিযোগ করেন। তাঁর মতে, বিজেপি চাইছে NRC করবে। ডিটেনশন ক্যাম্পে পাঠাবে সাধারণ মানুষকে। তবে তৃণমূল সরকার এই কাজটা করতে দেবে না বলে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী।