বাংলায় এসে বড় ঘোষণা করলেন অল ইন্ডিয়া মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিম-এর প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি। বুধবার সকালে একযোগে সাংবাদিক বৈঠক করলেন হুমায়ুন ও আসাদউদ্দিন। সেখান থেকেই আগামী বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা করে দিলেন দুই নেতা। সাংবাদিকের প্রশ্নের উত্তরে এদিন বাবরি মসজিদ নিয়েও মুখ খোলেন মিম প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি। তিনি দাবি করেন, "প্রতিটি মসজিদ মুসলিমদের কাছে পবিত্র। যেমন ভাবে যে কোনও মন্দির হিন্দুর কাছে পবিত্র, কোনও গির্জা খ্রিস্টানদের কাছে পবিত্র, যেমন কোনও গুরুদ্বার শিখদের কাছে পবিত্র, তেমনই প্রতিটি মসজিদ মুসলিমদের কাছে পবিত্র।" তিনি বলেন, "কোরানে বলা আছে, আল্লহর ঘর তৈরি করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।"