
এবার নতুন সমস্যায় বাংলাদেশ। প্রতিবেশী দেশে ইলেকট্রিক সাপ্লাই অর্ধেক করতে চলেছে আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত সংস্থার ১,৬০০ মেগাওয়াটের কয়লার মাধ্যমে চলা গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ রাখা হচ্ছে। ২৫ নভেম্বর মধ্যরাত থেকে অন্তত ২৫ দিনের জন্য বন্ধ থাকার কথা এই ইউনিটের। বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ কমে অর্ধেক হয়ে যাবে বলে জানা গিয়েছে। যার ফলে লোডশেডিংয়ের আশঙ্কা বাড়ছে।
এর আগে গত সেপ্টেম্বরে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেই সময়ও সাময়িকভাবে বাংলাদেশে ইলেকট্রিক সাপ্লাই কমিয়ে দিয়েছিল আদানি পাওয়ার। আবার একবার এই সিদ্ধান্ত নেওয়া হল।
মাখায় রাখতে হবে, এবার বিদ্যুৎ সাপ্লাই কমানোর সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন বাংলাদেশে একাধিক সমস্যা চলছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। বস্ত্র শিল্পের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন। এর পাশাপাশি রাজনৈতিক অনিশ্চয়তাও বাড়ছে। এছাড়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন। তাই সমস্যায় জর্জরিত বাংলাদেশের কাছে এটা আরও একটা ধাক্কা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
২৫ দিন বন্ধ থাকবে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট
bdnews24.com এবং The Business Standard-এর প্রতিবেদন এই বিষয়টা জানিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ৮০০ মেগাওয়াটের ইউনিটের মধ্যে একটি বন্ধ রাখা হবে। বুধবার (২৫ নভেম্বর) মাঝরাত থেকে এই ইউনিটের বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ার কথা। কাজ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে অন্য ৮০০ মেগাওয়াটের ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
The Business Standard-কে দেওয়া বিবৃতিতে আদানি পাওয়ার জানিয়েছে, এটি প্ল্যানড কাজ। সংস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) সাপ্লাই বন্ধ রাখার বিষয়ে সম্মতি দিয়েছে।
২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের ইলেকট্রিক কেনার চুক্তি (PPA) করেছিল বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। bdnews24.com-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ অক্টোবরই এই রক্ষণাবেক্ষণের জন্য সম্মতি দিয়েছিল BPDB।
গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। এখানে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী, এই কেন্দ্র থেকে ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করার কথা। একটি ইউনিট বন্ধ থাকায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা অর্ধেক হয়ে যাবে।
বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ
ওদিকে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আমদানির উপর নির্ভরতা। এই পরিস্থিতিতেই গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
bdnews24.com-এর প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে বাংলাদেশে দৈনিক গড়ে ৪৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ আমদানি হয়েছে। অক্টোবরে এই পরিমাণ ছিল দৈনিক ৩৩.৬ মিলিয়ন ইউনিট।
অন্যদিকে, শীত শুরু হওয়ায় বাংলাদেশে বিদ্যুতের চাহিদা এবং অভ্যন্তরীণ উৎপাদন, দুটোই কমেছে। তাই এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।