Advertisement

Bangladesh Electricity Problem : হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, তার মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করছে আদানি

দীর্ঘদিন ধরেই জ্বালানি ও বিদ্যুতের জন্য ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের সময়ে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে, দুই দেশের মধ্যে একাধিক বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত চুক্তি হয়েছিল।

আদানি পাওয়ার আদানি পাওয়ার
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 10:03 PM IST
  • শীতের মরশুম শুরু হলেও বিদ্যুতের চাহিদা মেটাতে ভারতের উপর নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ
  • এর আগেও গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল

বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ কমাচ্ছে আদানি পাওয়ার। ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হচ্ছে। ফলে বুধবার, ২৫ নভেম্বর মধ্যরাত থেকে আগামী ২৫ দিন বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেক হয়ে যাবে। ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের দু'টি ইউনিটের মধ্যে একটি বন্ধ থাকলেও অন্যটি স্বাভাবিকভাবে চালু থাকবে। এমন সময়ে এই সিদ্ধান্ত, যখন বাংলাদেশে মূল্যবৃদ্ধি ও পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করেও রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২৫ দিন বন্ধ থাকবে গোড্ডা প্ল্যান্টের এক ইউনিট

বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার মধ্যরাত থেকে বন্ধ রাখা হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে রক্ষণাবেক্ষণের কাজ। এই সময়ে দ্বিতীয় ৮০০ মেগাওয়াটের ইউনিটটি স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করবে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ার জানিয়েছে, এটি আগে থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ। নিয়মিত পরিষেবা ও যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। ইউনিটটির নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং ভবিষ্যতে যান্ত্রিক ত্রুটি এড়াতেই পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা BPDB এই বন্ধ রাখার বিষয়ে সম্মতি দিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA) করেছিল বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সেই চুক্তি অনুযায়ী, গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১৬০০ মেগাওয়াট হলেও চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। একটি ইউনিট বন্ধ থাকায় সেই সরবরাহের ক্ষমতা অর্ধেক হয়ে যাবে।

ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ

শীতের মরশুম শুরু হলেও বিদ্যুতের চাহিদা মেটাতে ভারতের উপর নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ। বিডিনিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে বাংলাদেশে দৈনিক গড়ে ৪৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ আমদানি হয়েছে। অক্টোবরে এই পরিমাণ ছিল দৈনিক ৩৩.৬ মিলিয়ন ইউনিট। অর্থাৎ, এক মাসের ব্যবধানে বিদ্যুৎ আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Advertisement

এর আগেও গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে বয়লার ফিড পাম্প সংক্রান্ত ত্রুটি দেখা দেয়। ১০ সেপ্টেম্বর সেটি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ ৯ সেপ্টেম্বর সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে ১৪৩০.০৬ মেগাওয়াট থেকে কমে পরের দিন ৬৯১.৪৪ মেগাওয়াটে নেমে যায়। তিন দিন পর ইউনিটটি ফের চালু করা সম্ভব হয়।

দীর্ঘদিন ধরেই জ্বালানি ও বিদ্যুতের জন্য ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের সময়ে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে, দুই দেশের মধ্যে একাধিক বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত চুক্তি হয়েছিল। বর্তমানে গ্যাসের ঘাটতি এবং জ্বালানি সরবরাহের সমস্যার কারণে বাংলাদেশে বিদ্যুৎ সংকটও বাড়ছে। এর প্রভাব পড়ছে শিল্পক্ষেত্রেও। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি ৩০০০ থেকে ৩৫০০ মেগাওয়াটে পৌঁছেছিল। বিভিন্ন জেলায় প্রতিদিন ৩ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চেরও আয়োজন করেছিল।

বিদ্যুতের দাম বৃদ্ধি, পোশাকশ্রমিকদের বিক্ষোভে চাপে বাংলাদেশ

বিদ্যুৎ সংকটের পাশাপাশি সাধারণ মানুষের উপর বাড়ছে আর্থিক চাপ। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশে খুচরো বিদ্যুতের দাম ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছিল। প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৯.১১ টাকা থেকে বেড়ে ১০.৬৩ টাকা হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement