Advertisement

Ritwik Ghatak Ancestral House Demolished: বাংলাদেশে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভাঙা হচ্ছে, শৈশব-কৈশোর কেটেছিল পরিচালকের

গতবছরের ঘটনা, বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছিল বাংলাদেশ সরকার। ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে ফেলার প্রতিবাদ করেন স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তা দেয় ভারত সরকারও। এরপরেই নড়েচড়ে বসে বাংলাদেশ প্রশাসন। বন্ধ করা হয় বাড়ি ভাঙার কাজ। এই ঘটনার একবছর পরে বাংলার আরও এক বরেণ্য পরিচালকের বাড়ি ভাঙার অভিযোগ উঠল বাংলাদেশে। রাজশাহীতে চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটের একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলা হয়েছে।

সত্যজিৎ রায়ের পর ঋত্বিক ঘটকের স্মৃতিও বিপন্ন বাংলাদেশেসত্যজিৎ রায়ের পর ঋত্বিক ঘটকের স্মৃতিও বিপন্ন বাংলাদেশে
Aajtak Bangla
  • ঢাকা,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 5:29 PM IST

গতবছরের ঘটনা,  বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছিল বাংলাদেশ সরকার। ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে ফেলার প্রতিবাদ করেন স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তা দেয় ভারত সরকারও। এরপরেই নড়েচড়ে বসে বাংলাদেশ প্রশাসন। বন্ধ করা হয় বাড়ি ভাঙার কাজ। এই ঘটনার একবছর পরে বাংলার আরও এক বরেণ্য পরিচালকের বাড়ি ভাঙার অভিযোগ উঠল বাংলাদেশে।  রাজশাহীতে  চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটের একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলা হয়েছে। 

রাজশাহীতে ঋত্বিক ঘটকের বাড়ির কী অবস্থা?
বাংলাদেশের রাজশাহীতে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটির আরও একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলার পাশাপাশি দেওয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে।রাজশাহী শহরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় এই বাড়িটি রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দুই বাংলার সংস্কৃতি মহল এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশেও প্রতিক্রিয়া
 এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা। রাজশাহী শহরের  মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে ক্ষোভ জানান তারা।  তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। তাঁদের স্পষ্ট অভিযোগ, দীর্ঘকাল ধরে এই ঐতিহ্যবাহী বাড়িটি হেরিটেজ হিসেবে সংরক্ষণের দাবি জানানো হলেও, তা কর্ণপাত না করে পরিকল্পিতভাবে স্মৃতিচিহ্নটি মুছে ফেলার চক্রান্ত চলছে। জানা গিয়েছে, বাড়ির যে ঘরটির দেওয়াল ভাঙা হয়েছে, সেখানেই পরিচালকের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছিল। দেওয়াল জুড়ে পরম যত্নে আঁকা ছিল ঋত্বিক ঘটকের প্রতিকৃতি এবং তাঁর কালজয়ী সব চলচ্চিত্রের নাম। এমনকি, চলতি বছরের গত ৪ নভেম্বরও এই ঘরেই সাড়ম্বরে পালিত হয়েছিল ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী।

২০২৪ সালেও এমন ঘটনা ঘটে
স্থানীয় সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত বাংলাদেশের সংবাধমাধ্যমকে জানান, ২০২৪ সালের পর থেকে অন্তত তিন-চারবার বাড়িটি ভাঙার চেষ্টা চালানো হয়েছে। তাঁর কথায়, 'প্রথমে ভারী যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এখন শ্রমিক ও মিস্ত্রি লাগিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশটুকুও ভেঙে ফেলার চেষ্টা চলছে। আমরা অবিলম্বে এই ঐতিহাসিক জায়গাটির যথাযথ সংরক্ষণ চাই।' অন্যদিকে, ‘ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটি’-র সদস্য-সচিব আতিকুর রহমান সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ‘রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ কর্তৃপক্ষের দিকে। তাঁর অভিযোগ, পরিষ্কার-পরিচ্ছন্নতার অজুহাত দিয়ে শ্রমিকরা আসলে বাড়িটি ভাঙার কাজই করছিলেন, যা পরে স্থানীয়দের বাধায় বন্ধ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখল করতে চাইছে বলে দাবি করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে এই অমূল্য সম্পদ রক্ষার জোরালো আবেদন জানিয়েছেন।

Advertisement

শৈশব ও কৈশোর কাটে এই বাড়িতে
রাজশাহী শহরের  মিঞাপাড়ায় এই বাড়িতে শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি সময় কাটিয়েছিলেন ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির প্রাক্তন সভাপতি আহসান কবীর লিটনের বক্তব্য, গত ১০-১২ বছর ধরে বাড়িটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে। তাঁর অভিযোগ, সম্পত্তিটির দখল নেওয়ার চেষ্টা থেকেই এই ঘটনা ঘটছে। সংস্কৃতিকর্মীদের দাবি, জায়গাটি সংরক্ষণ করে সেখানে ঋত্বিক ঘটকের স্মৃতিতে চলচ্চিত্রচর্চার কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। জানা যাচ্ছে,  ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এ উদ্যোগ এখনও বাস্তবায়িত হয়নি।

 দেশভাগের যন্ত্রণা নিয়ে সিনেমা
১৯২৫ সালের ৪ নভেম্বর অবিভক্ত বাংলার ঢাকায় জন্ম ঋত্বিক ঘটকের । রাজশাহীর পৈতৃক বাড়িতেই তাঁর শৈশব ও কৈশোরের একটা বড় অংশ কেটেছে। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবার নিয়ে ভারতে চলে আসতে বাধ্য হন তিনি। কিন্তু জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা আজীবন তাড়া করে বেড়িয়েছে পরিচালককে। সেই ব্যক্তিগত ক্ষতই পরবর্তীকালে তাঁর সিনেমার অন্যতম প্রধান উপজীব্য হয়ে ওঠে। তাই পরিচালকের সিনেমায় বারবার ফিরে এসেছে শিকড়ের টান, দেশভাগের যন্ত্রণা আর হারিয়ে যাওয়া স্বদেশের স্মৃতি। প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটক ছিলেন এক স্বতন্ত্র ঘরানার স্রষ্টা। দেশভাগ, উদ্বাস্তু জীবন, সামাজিক বৈষম্য, অস্তিত্বের সঙ্কট এবং ভেঙে যাওয়া পারিবারিক সম্পর্ক তাঁর সিনেমায় বারবার উঠে এসেছে। তাঁর পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ এবং ‘সুবর্ণরেখা’ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী সৃষ্টি হিসেবে বিবেচিত। ‘মেঘে ঢাকা তারা’র নীতার আত্মত্যাগ, ‘কোমল গান্ধার’-এ দুই বাংলার বিচ্ছিন্ন সাংস্কৃতিক বন্ধনের হাহাকার কিংবা ‘সুবর্ণরেখা’য় উদ্বাস্তু জীবনের নির্মম বাস্তবতা প্রতিটি ছবিতেই ধরা পড়েছে দেশভাগের গভীর ক্ষত। এবার বাংলাদেশে তাঁরই জন্মভিটে অস্তিত্বের সঙ্কটে। 

সত্যজিত রায়ের বাড়িও ভাঙার চেষ্টা
এর আগে গত বছরের জুলাই মাসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের জমানায় ময়মনসিংহ জেলায় সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছিল। পরে তীব্র বিতর্কের মুখে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পরিবারের এই বাসস্থান ভাঙার কাজ স্থগিত রাখা হয়েছিল। ময়মনসিংহ শিশু অ্যাকাডেমি হিসেবে ব্যবহার করা হত জেলার সদর শহরের হরিকিশোর রায় রোডের প্রাচীন ওই বাড়িটি। ২০০৭ সালের পর থেকে আর বাড়িটির কোনও ব্যবহার হয়নি। পরিত্যক্ত বাড়িটি ভেঙে তাই বহুতল ভবন নির্মাণের পরিকল্পনায় কাজ শুরু করেছিল শিশু অ্যাকাডেমি।  এই বাড়ি ভাঙার প্রতিবাদ করেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি। তারপর ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, এই বাড়িটি বাংলাদেশ সরকারের অধীনস্থ। এটি বাংলার সাংস্কৃতিক নবজাগরণের অন্যতম প্রতীক। তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করা হচ্ছে, এটি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং মেরামতি করে ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক নিদর্শনের উদাহরণ হিসেবে মিউজিয়াম করা হোক। এক্ষেত্রে ভারত সরকার সব রকমের সহযোগিতা করতে ইচ্ছুক।         

Read more!
Advertisement
Advertisement