
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জল্পনাকে কেন্দ্র করে যখন নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, তখন জাতীয় ঐক্যের বার্তা দিতে উদ্যোগী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিষিদ্ধ আওয়ামি লিগের কর্মসূচি ঘিরে অশান্তি, নাশকতা ও রাজনৈতিক সংঘাতের আবহে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।
এই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামির সঙ্গে আলোচনায় বসবেন তারেক রহমান। সোমবার, ২৩ নভেম্বর এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর। পরবর্তী সময়ে জামায়াতে ইসলামি-সহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে খালেদা-পুত্রের।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছে এনসিপি। তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে দলের চার সদস্যের প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে দলের আরও তিন নেতা থাকবেন। তবে বাকি সদস্যদের নাম চূড়ান্ত হওয়ার কথা নাহিদ ইসলামের সঙ্গে আলোচনার পর।
বর্তমানে লন্ডন সফরে রয়েছেন নাহিদ ইসলাম। রবিবার দেশে ফেরার কথা তাঁর। তারপরই প্রতিনিধিদলের সদস্যদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এনসিপি সূত্রে জানা গিয়েছে। দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক কাউন্সিলের সদস্য সরোয়ার তুষার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। জাতীয় ঐক্যের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছে তাঁদের দল।
তবে এই আলোচনার ক্ষেত্রে নিজেদের কয়েকটি নির্দিষ্ট দাবির কথাও সামনে রেখেছে এনসিপি। দলের বক্তব্য, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামি লিগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার।
অন্যদিকে, জামায়াতে ইসলামির সঙ্গেও আলোচনায় বসতে চান তারেক রহমান। তবে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলনেতা শফিকুর রহমান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। অস্ট্রেলিয়া সফরের পর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা। ফলে জামায়াতের সঙ্গে বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। তবে প্রধানমন্ত্রীর আলোচনার উদ্যোগে দলটিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সূত্রের খবর। উল্লেখ্য, ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলনেতা শফিকুর রহমানের মধ্যে বৈঠক হয়েছিল।
কেন হঠাৎ জাতীয় ঐক্যের প্রশ্নে এতটা গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের সরকার? সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালেই তার একটা ইঙ্গিত পাওয়া যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগকে ঘিরে বিভিন্ন কর্মসূচি, বিক্ষোভ এবং হিংসাত্মক ঘটনার অভিযোগ সামনে এসেছে। গোপালগঞ্জ-সহ দেশের একাধিক এলাকায় অগ্নিসংযোগ, পুলিশের স্থাপনায় হামলা, বিএনপি নেতাদের বাড়িতে আক্রমণ এবং যানবাহনে আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন। এই পরিস্থিতিতে সংসদে ১৮ নভেম্বর আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে দলটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান।
এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই সামনে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ। ২০২৪ সালের অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে তাঁর আইনজীবীদের তরফে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে তাঁর প্রত্যাবর্তন ঘিরে আইনি ও কূটনৈতিক জটিলতা রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাজনৈতিক পরিস্থিতির সময় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ও এই বিতর্ককে আরও জটিল করেছে।
এমন পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরার জল্পনা এবং আওয়ামি লিগকে ঘিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার মধ্যে বিরোধী দলগুলিকে নিয়ে ঐক্যের বার্তা দিতে চাইছেন তারেক রহমান। তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে আলোচনার পরবর্তী গতিপ্রকৃতি এবং রাজনৈতিক দলগুলির পারস্পরিক অবস্থানের উপর। বিশেষ করে এনসিপি ও জামায়াতে ইসলামির সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের পাশাপাশি নির্বাচন-পরবর্তী সংস্কার, গণভোটের রায় এবং জুলাই অভ্যুত্থানের বিচার কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের।