
শেখ হাসিনার বাংলাদেশ ফেরাকে কেন্দ্রকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। নেত্রীর ফেরার খবরে চাঙ্গা হয়ে গিয়েছে আওয়ামী লিগ। হাসিনার দলের নেতা-কর্মীদের আন্দোলন ঠেকাতে হিংসার পথই বেছে নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আওয়ামী লিগের নেতা-কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এমনকী খুনের ঘটনাও ঘটছে। একই সঙ্গে বেড়েছে হিন্দুদের উপর অত্যাচারও।
টানা দু'দিন বাংলাদেশ লকডাউনের ডাক
এ হেন পরিস্থিতিতে আগামী ২৭ ও ২৮ নভেম্বর ফের দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লিগ। মঙ্গলবার বাংলাদেশে মশাল মিছিল করে আওয়ামী লিগ। আজ অর্থাত্ বুধবার থেকে আন্দোলন আরও জোরদার করারও ঘোষণা করা হয়েছে দলের তরফে। দলীয় নেতৃত্বের দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করতে হবে। আওয়ামী লিগের ঘোষণা অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয় দিবসে অর্থাৎ আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা। এই ঘোষণাকে কেন্দ্র করে আগামী দিনে সে দেশে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে জামাত ই ইসলামির প্রধান শফিকুর রহমান তাঁর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর কাটছাঁট করে বাংলাদেশে ফিরছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা এবং দেশের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে আজ প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লিগের দাবিগুলি কী কী?
শেখ হাসিনা ও দলের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে আওয়ামী লিগ। একই সঙ্গে দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়াও রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বন্ধ করতে হবে। বাংলাদেশের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ, গ্যাস, জল, জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিও উঠেছে। বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু করে বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট ও অবৈধ দখলদারির মতো ঘটনা বন্ধের দাবি জানিয়েছে আওয়ামী লিগ। নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তার উপরেও জোর দেওয়া হয়েছে। সামরিক ও অসামরিক আধিকারিক এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া তথাকথিত মিথ্যা মামলা প্রত্যাহার করে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবিও রয়েছে তাদের তালিকায়। পাশাপাশি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং জেল থেকে মুক্তি পাওয়া সন্ত্রাসবাদী ও জঙ্গিদের পুনরায় গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি।
বাংলাদেশে বাড়ছে হিংসার ঘটনা
আওয়ামী লিগের আন্দোলনের আবহে বাংলাদেশে হিংসার ঘটনাও অব্যাহত। মঙ্গলবার শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে আওয়ামী লিগ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। পাশাপাশি একাধিক দোকানে ভাঙচুর চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, গোপালগঞ্জে অন্তত ১২টি দোকান ভাঙচুর করা হয়েছে। ক্রিকেট স্টেডিয়ামের কাছাকাছি ফুলের দোকানগুলিও হামলার হাত থেকে রেহাই পায়নি।