
একেই বোধ হয় বলে, লঙ্কায় রাবণ মরল, বেহুলা কেঁদে বিধবা হল! ভারতে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) হল। ওদিকে বাংলাদেশে জামাতদের ঘুম উড়ল! প্রমাণ করে দিল, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে বাংলাদেশি জামাতরা এতদিন বহাল তবিয়তে বাস করছিল। যার নির্যাস, ভারতের এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব হল জামাত ই ইসলামির ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির। এর ফলে লক্ষ লক্ষ যোগ্য মুসলিম নাগরিকের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
SIR ইস্যুতে ভারতীয় মুসলিমদের উস্কানির ছক জামাতদের
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ দাবি করলেন, ভারতের ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের বক্তব্য, এই তালিকা সংশোধনের প্রক্রিয়ায় মুসলিম ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ গণতান্ত্রিক অধিকার, সাম্য এবং সাংবিধানিক সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। অর্থাত্ বোঝাই যাচ্ছে, ভারতের মুসলিম সম্প্রদায়কে উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে জামাতরা।
পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া ও ভোটারের নাম বাদ দিয়ে ইসলামি ছাত্র শিবিরের মাথাব্যথা
বিবৃতিতে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও উল্লেখ করেছে ইসলামি ছাত্রশিবির। তাদের দাবি, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের পর প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিম। বৈধ পরিচয়পত্র এবং পারিবারিক নথি থাকা সত্ত্বেও বহু বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। কয়েকজনকে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে আটক করে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলেছে তারা। এই ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে দাবি করে ভারত সরকারের কাছে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির আর্জি জানিয়েছে সংগঠনটি।
নিজেদের দেশকে ভোগে পাঠিয়ে ভারতকে সংবিধান শেখাচ্ছে
ভারতীয় সংবিধানের ১৪ ও ১৫ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে ইসলামী ছাত্রশিবিরের বক্তব্য, আইনের চোখে সমানাধিকার এবং ধর্মের ভিত্তিতে বৈষম্যহীনতার সাংবিধানিক নীতি বজায় রাখা জরুরি। এ ছাড়া জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ও ২২ নম্বর ধারা এবং নির্বাচক তালিকা নিবন্ধন বিধি, ১৯৬০-এর ২১এ ধারার উল্লেখ করে তাদের দাবি, যথাযথ যাচাই ও আইনি প্রক্রিয়া ছাড়া কোনও ভোটারের নাম বাদ দেওয়া উচিত নয়।
এখানে সবচেয়ে হাস্যকর বিষয় হল, ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যহীনতার নীতির পাঠ দিচ্ছে জামাতরা! যারা নিজেরাই বাংলাদেশকে কট্টর ইসলামপন্থী দেশ করতে ও পাকিস্তানের হাতে বেচে দিতে মরিয়া। একই সঙ্গে দিনের পর দিন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে, তা নিয়ে বিন্দুমাত্রও উল্লেখ নেই জামাতদের ছাত্র সংগঠনের বিবৃতিতে।
CAA, NRC, UCC-তে আপত্তি জামাতদের
বিবৃতিতে ভারতের মুসলিম সম্প্রদায়ের অধিকার সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ও তুলে ধরেছে সংগঠনটি। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), NRC, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, অভিন্ন দেওয়ানি বিধি (UCC) এবং ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আপত্তি জানিয়েছে তারা। মসজিদ ও মুসলিমদের বাড়িঘর ভাঙা এবং ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে।
ভারত সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়ে সংগঠনটির দাবি, যোগ্য ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বেআইনি আটক এবং জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগেরও নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘ, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (OIC) এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির হস্তক্ষেপ চেয়েছে তারা।