
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম দেশজুড়ে লকডাউনের ডাক দিল তাঁর দল আওয়ামি লিগ। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকে। লকডাউন ঘিরে একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ৯৬টি প্লাটুন, অর্থাৎ প্রায় ৩ হাজার জওয়ান মোতায়েন করেছে বিএনপি সরকার। তবে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও হিংসা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং তা বেড়েই চলেছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজিপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং ফরিদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ২৭টি, ঢাকায় ২৩টি এবং চট্টগ্রামে ১৫টি প্লাটুন মোতায়েন রয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি জওয়ানরা।
আগুন, বোমা বিস্ফোরণ, ভাঙচুর
হিংসার ঘটনার পর বাংলাদেশের সমস্ত বিমানবন্দরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বোমা বিস্ফোরণের খবর মিলেছে। গোপালগঞ্জের কাশিয়ানিতে গোপালগঞ্জ-১ কেন্দ্রের সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাঁর আত্মীয় এবং সমর্থকদের কয়েকটি বাড়িতেও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। নিষিদ্ধ আওয়ামি লিগ, যুব লিগ এবং নিষিদ্ধ ছাত্র লিগের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন বিক্ষোভকারীর হাতে স্থানীয় অস্ত্রও দেখা গিয়েছে।
প্রশাসনের দাবি, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় একটি থানায় আগুন লাগানোর দু'দিন পর গোপালগঞ্জেও একটি থানায় অগ্নিসংযোগ করা হয়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, কাশিয়ানি থানায় আগুন লাগানোর সময় সেখানে কোনও পুলিশকর্মী ছিলেন না। দমকল আধিকারিক শিপলু আহমেদ জানিয়েছেন, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা ১০টি গাড়িতেও আগুন লাগানো হয়েছে।
গত দু'দিনে বিএনপির আরও দুই সাংসদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ফলে গোপালগঞ্জ এখন বাংলাদেশের অন্যতম অশান্ত জেলা। বৃহস্পতিবার সেখানে অধিকাংশ দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল।
পশ্চিম নড়াইলে বুধবার রাতের হিংসায় বিএনপির দুই স্থানীয় নেতার মৃত্যু হয়েছে। গত দু'দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফরিদপুর এবং পিরোজপুরেও দু'জনের মৃত্যু হয়েছে। ঢাকার আগারগাঁও এলাকায় বৃহস্পতিবার সকালে মেট্রো রেল স্টেশনের নীচে একটি দেশি বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়ায়।
কাপড়ের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত
লকডাউনের পাশাপাশি ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা প্রতিবাদে সামিল হন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। লকডাউনের জেরে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্ব বাংলাদেশের একাধিক জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।
পরিবহণ সংস্থাগুলির দাবি, বৃহস্পতিবার সকালে মধ্য নারায়ণগঞ্জ, উত্তর ময়মনসিংহ এবং উত্তর-পশ্চিম রাজশাহীর বিভিন্ন এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পাঁচটি বাস ও একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। ঢাকায় ভোরের আগে একাধিক তাজা বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন লাগানোর খবর পাওয়া গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ঢাকায় একাধিক বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের বক্তব্য, এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিএনপি-ঘনিষ্ঠ বলে পরিচিত কিছু বিক্ষোভকারী রাতের অন্ধকারে ঢাকায় আওয়ামি লিগের দুই নেতার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
৫৬৫ জন গ্রেফতার, ভারতে রয়েছেন শেখ হাসিনা
উল্লেখ্য, গত বছর একটি বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়ের বর্ষপূর্তির সময়েই লকডাউনের ডাক দিয়েছে আওয়ামি লিগ। ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন ৭৯ বছর বয়সি শেখ হাসিনা। তার আগে ছাত্রদের নেতৃত্বে জুলাই বিদ্রোহের জেরে তাঁর সরকারের পতন হয়। বর্তমানে তিনি ভারতেই রয়েছেন। বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণের দাবিও জানিয়েছে। অন্যদিকে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে যে কোনও মূল্যে দেশে ফেরার ঘোষণা করেছেন হাসিনা।
বিডিনিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, লকডাউনের আগে ঢাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও। বুধবার রাতে ঢাকার বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে খবর।
এদিকে, আওয়ামি লিগের প্রত্যাবর্তন ঠেকাতে 'গণতান্ত্রিক শক্তি'গুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামি লিগকে 'সন্ত্রাসবাদী সংগঠন' এবং 'পরাজিত ফ্যাসিবাদী শক্তি' বলে আক্রমণ করেছেন তিনি। মঙ্গলবার রাতে সংসদে ভাষণ দিতে গিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালের মতো ফের একজোট হতে হবে। তাঁর কথায়, স্বৈরাচারী শক্তিকে দেশ থেকে তাড়ানোর সময় যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য বজায় রেখে ওই শক্তিকে চূড়ান্তভাবে পরাস্ত করতে হবে।