Advertisement

Bangladesh : শ্রমিক বিক্ষোভে তপ্ত বাংলাদেশ, দিকে দিকে যানজট; বেপরোয়া লাঠিচার্জ পুলিশের

শ্রমিক বিক্ষোভের প্রভাব পড়েছে কারখানার উৎপাদনেও। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার শিল্পাঞ্চলের অন্তত ৩৭টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ ছেড়ে আন্দোলনে যোগ দেওয়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 7:18 PM IST
  • অক্টোবরের শেষ দিক থেকেই বাংলাদেশের বিভিন্ন পোশাক শিল্পাঞ্চলে দফায় দফায় বিক্ষোভ চলছে
  • মঙ্গলবার সেই আন্দোলন আরও তীব্র আকার নেয়

ফের অশান্ত বাংলাদেশ। বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন পোশাক শিল্পের শ্রমিকরা। মঙ্গলবার ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এক হাজারেরও বেশি আধাসেনা মোতায়েন করেছে বাংলাদেশ প্রশাসন। বিক্ষোভকারীরা তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসেনা বাহিনী কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে।

কত বেতন চাইছেন শ্রমিকরা?

বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২,৫০০ টাকা। সেই বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। তাঁদের বক্তব্য, খাদ্যসামগ্রী, বাড়িভাড়া, যাতায়াত এবং চিকিৎসার খরচ যে হারে বেড়েছে, সেই তুলনায় তাঁদের আয় অনেকটাই কম। তাই জীবনযাত্রার খরচ সামাল দিতে ন্যূনতম বেতন বাড়ানো জরুরি।

অক্টোবরের শেষ দিক থেকেই বাংলাদেশের বিভিন্ন পোশাক শিল্পাঞ্চলে দফায় দফায় বিক্ষোভ চলছে। মঙ্গলবার সেই আন্দোলন আরও তীব্র আকার নেয়। ঢাকার আশপাশে ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বাংলাদেশের আধাসেনা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আশুলিয়া, গাজিপুর এবং নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে মোট ৪২ প্লাটুন বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করা হচ্ছে।

পুলিশের দাবি, তিনটি জাতীয় সড়কের মধ্যে দু'টি ইতিমধ্যেই অবরোধমুক্ত করা হয়েছে। তবে ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়কে এখনও দফায় দফায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মিরপুরের দারুস সালাম এবং শাহ আলি থানা এলাকার শ্রমিকরাও মঙ্গলবার সকালে রাস্তায় নামেন। তাঁরা মিরপুর-১০ মোড়ের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সকাল সাড়ে ১০টা নাগাদ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো।

অন্যদিকে, সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা জাতীয় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সকাল ১১টা নাগাদ শুরু হওয়া সেই অবরোধ প্রায় ৫০ মিনিট স্থায়ী হয়। এর জেরে রাস্তার দু'দিকে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার খেজুরবাগান ও জামগড়া এলাকাতেও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ, কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং আবর্জনায় আগুন ধরিয়ে অবরোধ তৈরির চেষ্টা করেন শ্রমিকরা। পুলিশ ও বিজিবি কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাল্টা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও উঠেছে।

Advertisement

বন্ধ একাধিক পোশাক কারখানা

শ্রমিক বিক্ষোভের প্রভাব পড়েছে কারখানার উৎপাদনেও। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার শিল্পাঞ্চলের অন্তত ৩৭টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ ছেড়ে আন্দোলনে যোগ দেওয়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছিল বাংলাদেশ সরকার। শ্রমিক, কারখানার মালিক এবং সরকারের প্রতিনিধিদের নিয়ে তৈরি এই বোর্ডের কাজ হল নতুন বেতন কাঠামোর সুপারিশ করা। এর আগে ৪ ও ৯ নভেম্বর দু'টি বৈঠক হয়েছে। ১৬ নভেম্বর তৃতীয় বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এবার আগামী ২৩ নভেম্বর সেই বৈঠক হওয়ার কথা। কারখানা মালিকদের প্রতিনিধি সেখানে নতুন বেতন কাঠামোর প্রস্তাব দিতে পারেন বলে খবর।

প্রথমে সরকার জানিয়েছিল, নতুন বেতন কাঠামো জানুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু আন্দোলন তীব্র হওয়ায় ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাসে নতুন কাঠামো অনুযায়ী প্রথম বেতন পাওয়ার কথা শ্রমিকদের।

বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাবের আশঙ্কা

উল্লেখ্য, চিনের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ বাংলাদেশ। এই শিল্পে ৪০ লক্ষেরও বেশি শ্রমিক কাজ করেন। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই ক্ষেত্র থেকে। H&M, Zara এবং Gap-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকও বাংলাদেশে তৈরি হয়। ফলে দীর্ঘদিন উৎপাদন ব্যাহত হলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা কমতে পারে। বিশেষ করে বসন্ত ও গ্রীষ্মের মরশুমের পোশাক তৈরির গুরুত্বপূর্ণ সময়ে পণ্য সরবরাহে দেরি হলে বিদেশি অর্ডার বাতিল হওয়ার আশঙ্কাও করছেন কারখানার মালিকরা।

এদিকে, এই শ্রমিক আন্দোলনের মধ্যেই বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে আন্দোলনকে কাজে লাগিয়ে সরকারকে অস্থির করার অভিযোগ তুলেছে বিএনপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়। এরপর তিনি ভারতে চলে আসেন। বর্তমানে তাঁর বাংলাদেশে ফেরার সম্ভাবনা ঘিরেও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন নতুন করে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে চাপে ফেলেছে। 

Read more!
Advertisement
Advertisement