
দু'বছরেরও বেশি সময় আগে ঢাকায় ক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছিল শেখ হাসিনার বাসভবনে। সেই সময় বাংলাদেশের সামরিক বিমানে চেপে ভারতে চলে এসেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী। এবার শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। একটি রিপোর্ট অনুযায়ী, হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনায় ভারতও সম্মত। তবে তার আগে আওয়ামী লীগ নেত্রীর নিরাপত্তা এবং বাংলাদেশে নিরপেক্ষ বিচারের সুযোগ পাওয়ার বিষয়ে নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
বাংলা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের। শনিবার এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকায় একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,'আইনি প্রক্রিয়া মেনে আমাদের তরফে প্রয়োজনীয় সমস্ত কাজ সম্পূর্ণ করা হয়েছে। ভারত এবার কী করবে, সেটা তাদের বিষয়'। আইনমন্ত্রী আরও জানিয়েছেন, আইনি পথেই বাংলাদেশে ফিরতে হবে হাসিনাকে। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরানোর প্রক্রিয়াটিও সম্পূর্ণ আইনি বিষয়।
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাসিনার আপিল করার অধিকার প্রসঙ্গে আসাদুজ্জামান স্পষ্ট জানিয়েছেন,'সংশ্লিষ্ট আইন অনুযায়ী সেই সুযোগ তিনি পাবেন না'। অন্য কোনও দেশে হাসিনাকে পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা, সেই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, 'এর জবাব একমাত্র ভারত সরকারই দিতে পারবে'।
হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের কী কী শর্ত?
একটি রিপোর্ট অনুযায়ী, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করার ক্ষেত্রে দু'টি প্রধান শর্ত দিয়েছে নয়াদিল্লি। প্রথম শর্তটি হল, বাংলাদেশের সামরিক বিমানে চেপেই ভারতে এসেছিলেন হাসিনা। এবার তাঁর প্রত্যাবর্তনের দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীই নিক, এমনটাই চাইছে ভারত। দ্বিতীয় শর্ত,ভারতের দাবি, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে হাসিনাকে। পাশাপাশি জুলাই মাসে গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে চলা মামলার বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করারও নিশ্চয়তা চায় ভারত সরকার।
হাসিনা যেভাবে ভারতে এলেন
২০২৪ সালের অগাস্টে সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে চলে আসেন হসিনা। তা পর থেকেই হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই-অগাস্টে আন্দোলনকারীদের দমনের অভিযোগে হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে। তাঁর অনুপস্থিতিতেই এই বিচারপ্রক্রিয়া চলে। একটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও হাসিনা সমস্ত অভিযোগ এবং বিচারপ্রক্রিয়া খারিজ করে দিয়েছেন। শুক্রবার নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়। আইন মেনেই এ বিষয়ে পদক্ষেপ করা হবে।