
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ৪ মে। তার আগে সামনে এসেছে এগজিট পোল। বেশিরভাগ সমীক্ষায় ইঙ্গিত, ক্ষমতায় আসতে পারে বিজেপি। এবারের ভোটে বিজেপির অন্যতম ইস্যু অনুপ্রবেশ। আর সেই অনুপ্রবেশ নিয়েই বাংলাদেশের এক সাংসদের মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আখতার হোসেন নামে এক সাংসদ সংসদে বলেন, তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে পারে। এর ফলে বাংলাদেশে বড় শরণার্থী সঙ্কট তৈরি হতে পারে। কোনও দেশের নাম তিনি করেননি। তবে ইঙ্গিত ভারতের দিকে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বাংলাদেশ সংসদে রংপুর কেন্দ্রের সাংসদ আখতার হোসেন বলেন, 'আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ এমন একটা ভৌগলিক অঞ্চলে যেখানে অনেক সমস্যা আছে। ইতিমধ্যেই আমাদের দেশ রোহিঙ্গা সমস্য়ায় ভুগছে। বহু জায়গায় রোহিঙ্গা আছে। এখানে শরণার্থীদের ঢল নামতে পারে। প্রতিবেশী দেশ থেকে যে মুসলমানদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তার কোনও গ্যারান্টি নেই। সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে।'
বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি প্রতিষ্ঠার পর থেকেই প্রকাশ্যে ভারত-বিরোধী অবস্থান নিয়েছে। দলের শীর্ষ নেতারা অতীতে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন। এমনকী ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিও দিয়েছে। দলটি জামাত-ই-ইসলামির মতো গোষ্ঠীর সঙ্গে জোট করে বাংলাদেশের সাধারণ ভোটে লড়েছিল।