Advertisement

Bangladesh Violence: বাংলাদেশে অশান্তির জন্য হাসিনাকে দুষলেন তারেক, 'প্রভু' বলে কি ভারতকেই নিশানা?

তারেক রহমান বলেন, 'আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি, তখনই একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সেটি সীমান্তের ওপারে। সেখানেই তাদের প্রভুরা রয়েছেন। সেই প্রভুদের খুশি রাখতেই তারা ষড়যন্ত্র করছে।'

বাংলাদেশে হিংসার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন তারেক রহমান (ছবি: রয়টার্স)বাংলাদেশে হিংসার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন তারেক রহমান (ছবি: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Nov 2026,
  • अपडेटेड 6:56 AM IST
  • তারেক রহমান বলেন, 'আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি, তখনই একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে
  • যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সেটি সীমান্তের ওপারে
  • সেখানেই তাদের প্রভুরা রয়েছেন

ফের অশান্ত বাংলাদেশ। সামনে আসছে একের পর এক হিংসার ছবি। এমন পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে বিদেশের মাটি থেকে হিংসা ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনও দেশের নাম না করেই তিনি 'সীমান্তের ওপারে' একটি দেশের উল্লেখ করেন। তাঁর এই মন্তব্যের ইঙ্গিত যে ভারতের দিকে, তা স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। তারেক রহমানের অভিযোগ, শেখ হাসিনার সমর্থকরা তাদের 'প্রভুদের খুশি রাখতে' বাংলাদেশে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছে।

বিএনপি-র লালমনিরহাট জেলা শাখার আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তারেক রহমান। সেখানেই তিনি জানিয়ে দেন, অগ্নিসংযোগ, জোর করে মানুষকে নিখোঁজ করা এবং খুনের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, বাংলাদেশের মানুষ এই ধরনের রাজনীতি আর মেনে নিতে রাজি নন।

দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমান বলেন, 'অনেক হয়েছে। এই সন্ত্রাসবাদী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে।'

বৃহস্পতিবার আওয়ামী লিগের দেশজুড়ে বনধ বা লকডাউনের ডাককে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে হিংসা ছড়িয়েছে। ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা। দ্য ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১০টি জেলায় হামলার ঘটনা সামনে এসেছে। বাস, পার্টি অফিস এবং রেল পরিকাঠামোকে টার্গেট করা হয়েছে।

'সীমান্তের ওপারে পালিয়ে গিয়েছে তারা'
এই অশান্তির জন্য যে শেখ হাসিনা দায়ী, সেটা নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন তারেক। আসলে বাংলাদেশে ১৬ বছর ক্ষমতায় ছিলেন হসিনা। তবে ২০২৪ সালে প্রতিবেশী দেশে গণঅভ্যুত্থান হয়। সেই সময় বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। তারপর থেকে ভারতেই রয়েছেন হাসিনা। তাঁর দল আওয়ামী লিগকে পরবর্তীতে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, দু'ক্ষেত্রেই নিষেধাজ্ঞার মুখে পড়ে দলটি।

তারেক রহমান বলেন, 'আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি, তখনই একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সেটি সীমান্তের ওপারে। সেখানেই তাদের প্রভুরা রয়েছেন। সেই প্রভুদের খুশি রাখতেই তারা ষড়যন্ত্র করছে।'

Advertisement

যদিও সরাসরি ভারতের নাম করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে 'সীমান্তের ওপারের দেশ' বলতে তিনি যে ভারতের কথাই বুঝিয়েছেন, তা স্পষ্ট বলে মনে করা হচ্ছে। বিদেশের মাটি থেকে হাসিনা ও তাঁর রাজনৈতিক শিবির বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, 'দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তারা আবার আগুন লাগাচ্ছে। মানুষ খুনের রাজনীতি শুরু করেছে। তারা মানুষের উপর হামলা চালাচ্ছে এবং তাঁদের খুন করছে।'

হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় অবনতি হয়। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সেই সম্পর্কের আরও অবনতি ঘটে। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে।

বাংলাদেশজুড়ে হিংসা
চলতি সপ্তাহে বাংলাদেশে হিংসা চরমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে বাস, রেল পরিকাঠামো, দোকান, কার্যালয় এবং বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, নড়াইলে একটি রাজনৈতিক মিছিলে হামলায় বিএনপির দুই নেতার মৃত্যু হয়েছে। অন্যদিকে, পিরোজপুরে পৃথক একটি অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু হয়েছে এক বাসের সহকারীর। গ্রামীণ ব্যাঙ্কের কার্যালয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে যুক্ত বাড়িতেও আগুন লাগানোর খবর প্রকাশ্যে এসেছে।

চট্টগ্রামে মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও বুধবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন ইউনূস। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগে। ওই তলায় কেউ বসবাস করতেন না।

পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। অশান্তির মধ্যে প্রকাশিত খবর অনুযায়ী, আওয়ামী লিগ এবং তাদের সহযোগী সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে ঢাকায় ১০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজনৈতিক ঐক্যের ডাক তারেক রহমানের
এই পরিস্থিতিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আওয়ামী লিগের নতুন করে হিংসা ছড়ানোর চেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষকেও রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।

তারেক রহমানের বক্তব্য, দেশের মানুষ এমন রাজনৈতিক সংঘাত আর চান না, যা তাঁদের জীবন ও জীবিকাকে বিপদের মুখে ঠেলে দেয়। বাংলাদেশের সরকারও অভিযোগ করেছে, দেশের বাইরে থাকা আওয়ামী লিগের নেতারা হিংসায় উস্কানি দিচ্ছেন। অন্যদিকে, দলের বহু নেতা এখনও আত্মগোপনে রয়েছেন।

এদিকে, ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তার আগেই উত্তপ্ত হল দেশটি। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। 

 

Read more!
Advertisement
Advertisement