Advertisement

Sheikh Hasina Death Sentence: 'মৃত্যুদণ্ড ছাড়া উপায় নেই', শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক দাবি বাংলাদেশের

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম। তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে সরাসরি এই আবেদন করেননি। এমনকী, লন্ডনের ওই আইনি সংস্থার সঙ্গে আওয়ামী লিগ নেত্রীর কোনও আইনি চুক্তি রয়েছে কি না, তা-ও প্রকাশ্যে আসেনি।

শেখ হাসিনা প্রসঙ্গে কী বলছে বাংলাদেশ? (ছবি: রয়টার্স)শেখ হাসিনা প্রসঙ্গে কী বলছে বাংলাদেশ? (ছবি: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 6:53 AM IST
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম
  • তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে সরাসরি এই আবেদন করেননি
  • লন্ডনের ওই আইনি সংস্থার সঙ্গে আওয়ামী লিগ নেত্রীর কোনও আইনি চুক্তি রয়েছে কি না, তা-ও প্রকাশ্যে আসেনি

মৃত্যুদণ্ড হবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া তাঁর সামনে আর কোনও আইনি পথ খোলা নেই। এমনই দাবি করলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) প্রধান প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করে জানান, শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা অন্য কোনও ভ্রমণ সংক্রান্ত নথি দেওয়ার কোনও সুযোগ নেই।

মঙ্গলবার তাঁর এই মন্তব্য সামনে এসেছে। একটি খবর থেকে জানা গিয়েছে, লন্ডনভিত্তিক একটি আইনি সংস্থা দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের কাছে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানিয়েছে। ৭৯ বছর বয়সী আওয়ামী লিগ নেত্রী আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলে খবর।

২০২৪ সালের অগাস্টে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের জেরে তাঁর ১৫ বছরের শাসনের অবসান হয়। দেশ ছাড়তে বাধ্য হন তিনি। তারপর থেকেই ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, 'সত্যিই যদি তিনি বাংলাদেশে ফিরতে চাইতেন, তা হলে বিচার চলাকালীনই ফিরে এসে মামলার মুখোমুখি হতেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যেও তিনি দেশে ফিরে আপিল করতে পারতেন।'

প্রধান প্রসিকিউটরের দাবি, মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনও ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার আইনি সংস্থান নেই। বাংলাদেশের পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর উল্লেখ করে তিনি জানান, গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের পাসপোর্ট দিতে অস্বীকার করা যেতে পারে। 

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম। তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে সরাসরি এই আবেদন করেননি। এমনকী, লন্ডনের ওই আইনি সংস্থার সঙ্গে আওয়ামী লিগ নেত্রীর কোনও আইনি চুক্তি রয়েছে কি না, তা-ও প্রকাশ্যে আসেনি।

তিনি বলেন, 'সত্যিই যদি তিনি দেশে ফিরতে চান, তা হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে লিখিত আবেদন করা উচিত।'

আমিনুল ইসলামের আরও অভিযোগ, আওয়ামী লিগের ভিতরে থাকা কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছে। সেই উদ্দেশ্যে তারা শেখ হাসিনাকে 'ট্রাম্প কার্ড' হিসেবে ব্যবহার করতে পারে।

Advertisement

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন
এক দিন আগেই শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার খবরকে 'রাজনৈতিক কৌশল' বলে কটাক্ষ করেছিলেন আমিনুল ইসলাম। তাঁর দাবি ছিল, বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে বাংলাদেশে ফেরার কোনও প্রকৃত ইচ্ছা শেখ হাসিনার নেই।

অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনও আবেদন করেননি। একটি আইনি সংস্থা শুধুমাত্র পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।

লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের মিশনের কাছে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দ্রুত দেওয়ার আবেদন জানিয়েছিলেন। উল্লেখ্য, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পুরনো নথিপত্র বাতিল করে দিয়েছিল।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ওই চিঠির সত্যতা এবং আইনি বৈধতা খতিয়ে দেখছে সরকার। বিদেশ মন্ত্রক ও আইন মন্ত্রক যৌথভাবে পরীক্ষা করে দেখছে, যথাযথ নিয়ম মেনে আবেদন করা হয়েছে কি না এবং শেখ হাসিনা আদৌ ওই নথি পাওয়ার যোগ্য কি না।

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও এই আবেদনকে 'সম্পূর্ণ হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ।

সাংবাদিকদের তিনি বলেন, 'তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। বাংলাদেশ সন্ত্রাসবাদীদের পাসপোর্ট দেয় না।'

 

Read more!
Advertisement
Advertisement