
মার্কিন প্রেসিডেন্টের মতো ঢেউ খেলানো সোনালি চুল এবং অবিকল চোখ। সাধ করে নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। চার বছরের এই অ্যালবিনো প্রজাতির মহিষের ছবি, ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুধু বাংলাদেশ নয়, দুনিয়াও তোলপাড়। বাংলাদেশের নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের মহিষকে নিয়ে চর্চা হয় আমেরিকাতেও। গত বৃহস্পতিবার মুসলিমদের দ্বিতীয় বৃহৎ পরব, ইদ-উল-আযহার দিন কোরবানি হওয়ার কথা ছিল এই চর্চিত মহিষটির। তবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে তা আটকে যায়। অবশেষে মহিষটির জায়গা হয়েছে মিরপুর চিড়িয়াখানায়।
রাজধানী ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ এখন ডোনাল্ড ট্রাম্প খ্যাত মহিষটিকে ঘিরে। তাকে দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। খাঁচার সামনে মহিষটির একটি পরিচয়ও ঝুলিয়ে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এতে লেখা আছে, 'সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)।' সেখানে ইংরেজিতে 'অ্যালবিনো বাফেলো'ও লেখা আছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রতিদিন তাকে ২৫ কেজি নেপিয়ার ঘাস ও ৫ কেজি ছোলার-ভুসি খেতে দিচ্ছে। আধা মণ জলও লাগছে। কিউরেটর আতিকুর রহমান জানিয়েছেন, গরমে দিনে ২-৩ বার স্নান করানো হচ্ছে। 'এল-০৭' খাঁচায় রাখা মহিষটিকে রাখা হয়েছে।
মহিষটির জন্য বড় শেড প্রস্তুত করা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার বিষয়টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মন্ত্রী জানান, 'বিশেষজ্ঞদের মতে, মহিষটির শরীরে ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন গোলাপি বর্ণের বৈশিষ্ট্য দেখা যায়। পৃথিবীব্যাপী এ ধরনের প্রাণী অত্যন্ত বিরল। পরিসংখ্যান বলছে, প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এ ধরনের অ্যালবিনো বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিতে পারে। ফলে এটি শুধু একটি বিরল প্রাণীই নয়, বরং গবেষণা, সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। প্রাণীটিকে নিরাপদভাবে সংরক্ষণ ও সঠিক পরিচর্যার জন্য ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহিষটির জন্য বড় শেড প্রস্তুত করা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার বিষয়টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি।'
অ্যালবিনো জাতের মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে পালন করা হয়েছিল। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের আলোচিত মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে কিনে নেন ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামান সামির। সে হিসেবে মহিষটির দাম পড়ে ৩ লাখ ৮৫ হাজার টাকা। পরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ হস্তক্ষেপে পুলিশ বু মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। ইদ উদ্যাপনের আগে থেকেই সারা বাংলাদেশ তথা তামাম বিশ্বের সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে মহিষটি। মার্কিন প্রেসিডেন্ট খোদ ট্রাম্পও সমাজমাধ্যমে উল্লেখ করেন মহিষটির কথা। ইদে কুরবানি হওয়ার কথা ছিল মহিষটির। কিন্তু তার মাত্র কয়েক ঘণ্টা আগে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেন। পুলিশকর্তারা জানান, বিরল প্রাণীটিকে সংরক্ষণের জন্য সরকারি নির্দেশের পর মহিষটিকে সরকারি হেফাজতে নেওয়া হয়। জানা গিয়েছে, বাংলাদেশের প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তারা মনে করেন, মহিষটি এখনও অল্পবয়সি এবং আরও বেশ কয়েক বছর বাঁচতে পারে।