Advertisement

Bangladesh Speaker: 'ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে', বললেন বাংলাদেশের স্পিকার

বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট ভবন পরিদর্শনে যান হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় ১৯৭১ সালের যুদ্ধ এবং ঢাকার পতনের প্রসঙ্গ তোলেন। BBC Urdu-র প্রতিবেদন অনুযায়ী, স্পিকারের দাবি, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি। বরং পাকিস্তানকে দুর্বল করেছে।

বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদবাংলাদেশের সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 6:47 AM IST
  • বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট ভবন পরিদর্শনে যান হাফিজ উদ্দিন আহমেদ
  • সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি
  • BBC Urdu-র প্রতিবেদন অনুযায়ী, স্পিকারের দাবি, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি

পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আর সেখানে গিয়ে ভারতকে নিশানা করলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যার জেরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছেন হাফিজ। তাঁর দাবি, ১৯৭১ সালে বাঙালিদের সাহায্য করেনি ইন্ডিয়া। বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল দিল্লির অভিপ্রায়। ইসলামাবাদে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন তিনি। 

মাথায় রাখতে হবে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে স্পিকারের মন্তব্য দুই দেশের সম্পর্কে আরও চাপ তৈরি করতে পারে।

বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট ভবন পরিদর্শনে যান হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় ১৯৭১ সালের যুদ্ধ এবং ঢাকার পতনের প্রসঙ্গ তোলেন। BBC Urdu-র প্রতিবেদন অনুযায়ী, স্পিকারের দাবি, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি। বরং পাকিস্তানকে দুর্বল করেছে।

এখানেই থামেননি তিনি। তাঁর অভিযোগ, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল। এর ফলে বাংলাদেশের সাধারণ মানুষকে ভুগতে হয়েছে।

প্রসঙ্গত, হাফিজ উদ্দিন আহমেদ একসময় পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন। ১৯৭১ সালের যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন। পরে বাংলাদেশের হয়ে যুদ্ধের সাহসিকতার জন্য সম্মানিতও হন। এবার সেই যুদ্ধেই ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, ১৯৭১ সালে বাঙালিরা গণতন্ত্রের দাবি জানিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই অধিকার দেওয়া হয়নি।

স্পিকারের দাবি, ১৯৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হয়েছিল। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ায় আক্ষেপও প্রকাশ করেন তিনি। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে উল্লেখ করেছেন।

হাসিনা দেশে ফিরলে জেলে পাঠানোর হুঁশিয়ারি
পাকিস্তান সফরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আক্রমণ করেছেন বাংলাদেশের স্পিকার। ২০২৪ সালের অগাস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন।

Advertisement

হাফিজ উদ্দিন আহমেদের দাবি, হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি জেলে পাঠানো হবে। এরপরই স্পিকার কটাক্ষের সুরে জানান, আগামী অন্তত ১০ বছর হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।

ভারতে আশ্রয় নেওয়ার জন্যও হাসিনাকে আক্রমণ করেছেন তিনি। তাঁর বক্তব্য, হাসিনা এমন একটি দেশে আশ্রয় নিয়েছেন, যে দেশ মুসলিমদের প্রতি বিরূপ।

বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। এ বিষয়ে স্পিকার বলেন, ভারত যদি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেয়, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবতে পারে ঢাকা। 

কাশ্মীর নিয়েও পাকিস্তানের পাশে
কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন বাংলাদেশের স্পিকার। তাঁর মতে, রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।

এছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU-র কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রার্থীর পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক আগামিদিনে আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন।

 

Read more!
Advertisement
Advertisement