Advertisement

Sheikh Hasina: বাংলাদেশে ফেরানো হবে শেখ হাসিনাকে? খোলসা করল ভারতের বিদেশ মন্ত্রক

ভারত কি এবার বাংলাদেশে ফিরিয়ে দেবে শেখ হাসিনাকে? ঢাকার আবেদন শুনবে নয়াদিল্লি? জানাল ভারতের বিদেশ মন্ত্রক।

শেখ হাসিনাশেখ হাসিনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 12:38 PM IST
  • ভারত কি এবার বাংলাদেশে ফিরিয়ে দেবে শেখ হাসিনাকে?
  • ঢাকার আবেদন শুনবে নয়াদিল্লি?
  • জানাল ভারতের বিদেশ মন্ত্রক

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। আর তাঁকে ফেরত চেয়ে নয়াদিল্লির কাছে আবেদন করেছে ঢাকা। যদিও বাংলাদেশের এহেন আবেদনের এখনও স্ক্রুটিনি চলছে বলে শুক্রবার জানিয়েছে ভারত।

এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, ঢাকা আবেদন করেছে ঠিকই। তবে সেই আবেদনের এখন পর্যালোচনা চলছে। আর তাঁর এহেন মন্তব্য এমন সময় এল, যখন শেখ হাসিনা আওয়ামী লিগকে নতুন করে গড়ে তুলতে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর রটেছে।

এই প্রসঙ্গে রনধীর জয়সওয়াল বলেন, 'আমরা প্রত্যর্পণের একটি আবেদন পেয়েছি। আগেও যেমন বলেছি, সেই আবেদন এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।'

তিনি আরও যোগ করেন, 'এই বিষয়ে যে আইনি প্রক্রিয়া ও জটিলতা রয়েছে, তা বিবেচনা করেই আবেদনটি খতিয়ে দেখা হচ্ছে।'

গত সপ্তাহে শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী স্বেচ্ছায় ঢাকায় ফিরে আওয়ামী লিগকে আবার নতুন করে গড়ে তোলার জন্য তৈরি হচ্ছেন।

প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই, অগাস্টে তীব্র সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়েন। বিদ্রোহীদের দাপটে তাঁর সরকারের পতন হয়। এমন পরিস্থিতিতে তিনি তড়িঘড়ি ঢাকা ছেড়ে ভারতে চলে আসেন। তারপর থেকেই তিনি ভারতে রয়েছেন।

ওদিকে আবার বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে দমন-পীড়ন, খুন সহ একাধিক গুরুতর মামলায় বিচার শুরু শুরু হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়।

আর সেই রায় ঘোষণার পরই শেখ হাসিনাকে ফেরাতে তৎপর হয় বাংলাদেশ। তারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছে। আর সেই আবেদনেরই জবাব দিল ভারত। 


যদিও শুক্রবার পিটিআই ভিডিওজ-কে আওয়ামী লিগের পাবলিসিটির সাব কমিটি সদস্য কাজী নাসিম রূপক বলেন, 'আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।' তবে এই বিষয়টা এখনও নিশ্চিত করেনি ভারত।

Advertisement

বাংলাদেশের সঙ্গে খারাপ হয় সম্পর্ক
শেখ হাসিনার সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। আর সেই সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে।

তবে এর মাঝেই বাংলাদেশে নির্বাচন হয়। সেখানে জেতে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

এরপর দুই দেশের টানাপোড়েন কমাতে এপ্রিল মাসে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। তাতে বোঝা যায় যে বরফ ধীরে ধীরে গলছে। যদিও এই সময় শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি থেকে ফিরে আসেনি বাংলাদেশ। 

 

 

Read more!
Advertisement
Advertisement