
দুই বাংলাতেই বেশ জনপ্রিয় নাম পরীমণি। ঢাকাই নায়িকাকে নিয়ে বিতর্কের শেষ নেই। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুন্দরী নায়িকাকে নিয়ে আলোচনা কম হয় না। একাধিক সম্পর্কে জড়ানো থেকে শুরু করে মাদক কাণ্ডে জেলে যাওয়া কিংবা সাম্প্রতিককালে ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি, সব কিছুতেই জড়িয়ে রয়েছে পরীমণির নাম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সিঙ্গল লাইফ কাটাচ্ছেন তিনি। কিন্তু জানেন এই পরীমণি ঠিক কতদূর পড়াশোনা করেছেন?
১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্ম পরীমনির। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। উইকিপিডিয়া বলছে, পরীমণি ছোটবেলায় পড়াশোনায় বেশ ভাল ছিলেন এবং পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর পরী তাঁর দাদুর বাড়ি (নানাবাড়ি) থেকেই তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করেছেন। তবে জানা গিয়েছে, ২০১১–১২ সাল নাগাদ ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৫ পেয়ে ভর্তি হওয়ার জন্য এলেও সেখানে তিনি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেননি। পরিবর্তে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন।
নায়িকার বয়স যখন মাত্র তিন বছর, তখন আগুনে দগ্ধ হয়ে তার মায়ের মৃত্যু হয়। পরী নানাবাড়ি থেকেই মানুষ হয়েছিলেন। ২০১২ সালে বাবার ভালোবাসাও হারাতে হয় পরীমনিকে। ওই বছরের ২১ জানুয়ারি সিলেটে তার বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তিনি রিকন্ডিশন গাড়ির ব্যবসা চালাতেন। ছোট থেকেই অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল। ২০১৪ সালে তিনি একটি নাটকে অভিনয়ের সুযোগ পান, যেটি সে সময় এসএ টিভিতে প্রচার হয়। এরপর ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ নামে সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক করেন। সেই পরীমনি এখন ইন্ডাস্ট্রির মস্তবড় নায়িকা। এক নামে তাকে সারা দেশের মানুষ চেনেন। মা-বাবা হারিয়ে ছোট থেকেই শুরু যার জীবনযুদ্ধ, কর্মক্ষেত্রেও নিজেকে প্রমাণ করতে তাকে কম যুদ্ধ করতে হয়নি। ব্যক্তিগত জীবনে এসেছে নানা বিতর্কের ঝড়।
সেই বিতর্কের মধ্যে একটি হল একাধিক বিয়ে। বলা হয় যে পরীমণি প্রচুর সম্পর্কে জড়িয়েছিলেন। শুধু তাই নয়, এই নায়িকার নাম জড়িয়েছে মাদক-কাণ্ডেও। জেলেও দিন কাটাতে হয়েছে ঢাকাই নায়িকাকে। জেল থেকে বেরিয়ে পরী স্বাভাবিক জীবনে ফেরেন। বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। তাঁদের একমাত্র সন্তান রাজ্য। কিন্তু সেই বিয়েও টেকেনি। ডিভোর্স হয় রাজ-পরীর। এখন অবশ্য একাই জীবন কাটাচ্ছেন তিনি। কিছুদিন আগেও অন্য এক বিতর্কে নাম জড়িয়েছিল পরীর। ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসিরউদ্দিন মেহমুদের ঢাকার আদালতে মামলা দায়ের করেছিলেন পরীমণির বিরুদ্ধে। অভিযোগ ছিল, পরীমণি ও তাঁর সহযোগীরা সুযোগ বুঝে বিভিন্ন ক্লাবে ঢুকে টাকা না দিয়েই মদ্যপান করেন। প্রতিবাদ করলে পরীমণি পরিচিত পুলিশ কর্মকর্তাদের নাম নিয়ে মিথ্যা মামলার ভয় দেখান। সেই মামলাতে পরীমণি আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর জামিন নিতে গিয়ে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে বচসায় জড়ান নায়িকা। সেই নিয়েও কম জলঘোলা হয়নি।