
বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্কের অন্ত নেই। মাদক মামলা থেকে শুরু করে একাধিক নারীসঙ্গ, স্ত্রীকে মারধরের অভিযোগ, জেলে যাওয়া সবই হয়ে গিয়েছে এই গায়কের সঙ্গে। সারেগামাপা-এর মঞ্চেও বিতর্কে জড়ান এই গায়ক। কেরিয়ার কার্যত প্রায় শেষ বললেই চলে। বহুবার মূলস্রোতে ফেরার চেষ্টা করেছিলেন নোবেল, কিন্তু পারেননি। কিন্তু এবার নিজের ছেলেকে কোলে নিয়ে মঞ্চ মাতালেন নোবেল। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল সেই ভিডিও।
'সারেগামাপা'-এর মঞ্চে নোবেলের কন্ঠে জেমসের 'বাবা কতদিন' গান শুনে চোখে জল চলে এসেছিল দর্শক থেকে বিচারক সকলের। এবার ছেলে কোলে নিয়ে জেমসের সেই গানই শোনা গেল বিতর্কিত গায়কের গলায়। নোবেল এখন এক সন্তানের বাবা। তাঁর বর্তমান স্ত্রীর সঙ্গে ঝামেলা-অশান্তি মিটিয়ে এখন সন্তানকে নিয়ে সংসারী হয়েছেন নোবেল। সম্প্রতি গায়কের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ছবি ও ভিডিও শেয়ার করা হয়। যেখানে তাঁর কোলে রয়েছে একটি শিশু।
নোবেল এই ছবি-ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আমার বাবা আর আমি।' জুলাইয়ের শেষেই নোবেল তাঁর সন্তানের সঙ্গে সকলের পরিচয় করায়। যেখানে ছেলেকে কোলে নিয়ে নোবেল সাদা-কালো ছবি পোস্ট করে লেখেন, 'আমার অস্বিত্ব। আমার সন্তান। নোবেল জুনিয়র।' দীর্ঘদিন পর চেনা মেজাজে নোবেলকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। সব ঝড়-ঝাপটা পেরিয়ে আবার গানে ফিরতে পেরেছেন নোবেল, যা দেখে তাঁর ভক্ত-অনুরাগীরাও দারুণ খুশি। কমেন্ট বক্সে নোবেলের গানের প্রশংসা করে অনেকে লিখেছেন, এবার ছেলেটার মুখের দিতে তাকিয়ে গাঁজা মদ খাওয়া বাদ দিয়ে দাও। আবার কেউ লেখেন, বাচ্চার জন্য ভাল বাবা হয়ে যান। কেউ আবার খানিকটা বিঁধে লিখলেন, মতি ফিরল?
নোবেলের কোলে তাঁর ছেলে চুপ করেই ছিল। আর গানের মধ্যে ডুবে ছিলেন গায়ক। বরাবরই গানের প্রতি আকর্ষণ ছিল নোবেলের। নিজ গুণে ওপার বাংলা থেকে জায়গা করে নিয়েছিলেন সারেগামাপা-শোতে। গানের মাধ্যমে সহজেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। যদিও তা ধরে রাখতে পারেননি নোবেল। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। একাধিক সম্পর্ক, কখনও তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বারবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। জেলও খেটেছেন। গতবছর তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন যে তরুণী আদালতের নির্দেশে তাঁকে বিয়ে করেন নোবেল। তারপর দীর্ঘদিন পেরিয়েছে। সেই সময়ই জানা গিয়েছিল যে ওই তরুণী অন্তঃসত্ত্বা। তারপর জেল থেকে ছাড়াও পান নোবেল। এবার মঞ্চেই জুনিয়র নোবেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন গায়ক।