Advertisement

Bangladesh Madrasa: নিমেষে পুড়ে ছাই বাংলাদেশের মাদ্রাসা, অসুস্থ ৭৯ পড়ুয়া ভর্তি হাসপাতালে; চাঞ্চল্য

অসুস্থ পড়ুয়াদের ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, মোট ৭৯ জন পড়ুয়াকে হাসপাতালে আনা হয়েছিল।

বাংলাদেশের মাদ্রাসায় আগুন বাংলাদেশের মাদ্রাসায় আগুন
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 4:03 PM IST
  • দোতলায় আগুন লাগার পর দ্রুত গোটা ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে
  • আতঙ্কিত হয়ে পড়ে মাদ্রাসার আবাসিক পড়ুয়ারা

বাংলাদেশের একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট-সহ  একাধিক কারণে অসুস্থ হয়ে পড়ল অন্তত ৭৯ জন পড়ুয়া। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এখন ICU-তে ভর্তি রয়েছে। এক পড়ুয়াকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। মঙ্গলবার বাংলাদেশের নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসুস্থ পড়ুয়াদের চিকিৎসা চলছে।

কীভাবে আগুন লাগল মাদ্রাসায়?

সংবাদমাধ্যম bdnews24.com-এর প্রতিবেদন অনুযায়ী, ঢাকার কাছেই নারায়ণগঞ্জে অবস্থিত পাঁচতলা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দোতলায় আগুন লাগে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দমকল বিভাগের আধিকারিক শাহজাহানের বক্তব্য উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

দোতলায় আগুন লাগার পর দ্রুত গোটা ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে মাদ্রাসার আবাসিক পড়ুয়ারা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তারা। সেই সময় বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

ICU-তে ৪ পড়ুয়া, লাইফ সাপোর্টে একজন

অসুস্থ পড়ুয়াদের ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, মোট ৭৯ জন পড়ুয়াকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ৬৩ জনকে ভর্তি করা হয়েছে অথবা জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়।

চার পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। তাদের বয়স ১৪ থেকে ২২ বছরের মধ্যে। চারজনকেই ICU-তে রাখা হয়েছে। একজনকে যান্ত্রিক ভেন্টিলেশনের সাহায্যে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোনও পড়ুয়ার শরীরে পোড়ার ক্ষত পাওয়া যায়নি। তবে আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে ঢোকার ফলে প্রত্যেকেরই কমবেশি শ্বাসনালিতে আঘাত লেগেছে। অসুস্থ পড়ুয়াদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আশঙ্কাজনক পড়ুয়াদের পরিস্থিতি বুঝতে অন্তত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

এদিকে, মাদ্রাসার পড়ুয়াদের দাবি, আগুনে দোতলায় থাকা একটি লাইব্রেরি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement