
রেল সেক্টরে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ছে। ভারত থেকে অত্যাধুনিক ১৯ কোচের AC প্যাসেঞ্জার ট্রেন নিচ্ছে বাংলাদেশ। আজ অর্থাত্ ১২ অগাস্ট কপুরথালার রেল কোচ ফ্যাক্টরি থেকে বাংলাদেশ রওনা হবে ১৯ কোচের প্রথম LHB ব্রডগেজ প্যাসেঞ্জার রেক।
বাংলাদেশের সঙ্গে রেলের চুক্তি অনুযায়ী, ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ ভারতের থেকে কিনবে বাংলাদেশ। ২০২৪ সালে এই চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী প্রথম LHB ব্রডগেজ প্যাসেঞ্জার রেক ঢাকা পাঠাচ্ছে রেল। রেলমন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালে রেল ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES)-কে অর্ডার দিয়েছিল বাংলাদেশ।
২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ তৈরি করা হচ্ছে বাংলাদেশের জন্য
এই অর্ডার অনুযায়ী, ৭টি আলাদা ভ্যারিয়েন্টের ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ তৈরি করা হচ্ছে বাংলাদেশের জন্য। চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের রেলমন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে জানান যে, বাংলাদেশ ভারত থেকে ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ আমদানি করবে। এই কোচগুলি ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া প্রথম ১৯-কোচের রেকটিতে বিভিন্ন শ্রেণির কোচ থাকবে। ৩টি এসি স্লিপার কার, ৩টি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং ২টি পাওয়ার কার।
রেলমন্ত্রকের তথ্য অনুসারে, LHB (Linke Hofmann Busch) কোচ উন্নত নিরাপত্তা ব্যবস্থা, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং বেশি পরিচালন দক্ষতার জন্য পরিচিত। বাংলাদেশ রেলওয়ের চাহিদার কথা মাথায় রেখে এই কোচগুলিতে বেশ কিছু নতুন নকশা ও প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য LHB কোচে প্রথমবারের মতো যুক্ত করা হচ্ছে।
যাত্রীদের আরামের কথা মাথায় রেখে নকশা
বাংলাদেশ রেলওয়ে এবং যাত্রীদের প্রয়োজন অনুযায়ী কোচগুলির নকশা করা হয়েছে। এতে স্টেইনলেস স্টিলের হাতল ও পা-দানিসহ হেলানো যায় এমন আসন থাকছে। যাত্রীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আসনের হেলানোর কোণ পরিবর্তন করতে পারবেন। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে কোচগুলিতে একাধিক বিশেষ সুবিধা থাকছে। এসি কোচে ফ্যান, সমন্বিত CCTV নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জন্য অ্যালার্ম সিস্টেম থাকবে। পাশাপাশি থাকছে আংশিকভাবে খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যার জন্য আলাদা কক্ষ এবং প্রার্থনার ঘর।
মজবুত করা হয়েছে কোচের ছাদ
বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতির কথা মাথায় রেখেই কোচের ছাদের কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে। বিশেষ করে অতিরিক্ত যাত্রীচাপের সময়ে ছাদে যাত্রী উঠে পড়লে যাতে অতিরিক্ত ভার বহন করতে পারে, সেই বিষয়টিও নকশার সময় বিবেচনায় রাখা হয়েছে।
বাংলাদেশে আগেও কোচ সরবরাহ করেছে RITES
RITES Limited এর আগে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ LHB যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে। এছাড়াও বাংলাদেশ রেলওয়ের একাধিক রেল পরিকাঠামো প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছে সংস্থাটি। ২০২৬ সালের মে মাসে RITES-এর CMD রাহুল মিত্তল জানিয়েছিলেন, প্রথম রেক সরবরাহের পর চলতি অর্থবর্ষে আরও অন্তত ৩ থেকে ৪টি রেক সরবরাহ করা হতে পারে।