Advertisement

Sheikh Hasina: হাসিনাকে বাংলাদেশ ফেরাতে চায় ভারত, ঢাকার সামনে দিল্লির কোন ২ শর্ত?

শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনায় নাকি সম্মতি রয়েছে নয়াদিল্লিরও। তবে তাঁকে বাংলাদেশে ফেরানোর আগে দু'টি বিষয়ে নিশ্চয়তা চায় ভারত। কী সেই শর্তগুলি?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 10:50 AM IST
  • হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনায় সম্মতি রয়েছে নয়াদিল্লির!
  • দু'টি বিষয়ে নিশ্চয়তা চায় ভারত
  • কী সেই শর্তগুলি?

বছর দু'য়েক আগে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই পরিস্থিতিতে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় তাঁর বাসভবনে ক্ষুব্ধ জনতা হামলা চালানোর সময় বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে চেপে ভারতে চলে এসেছিলেন তিনি। এ বার ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন আওয়ামি লীগ প্রধান। তাঁর এই প্রত্যাবর্তনের পরিকল্পনায় নাকি সম্মতি রয়েছে নয়াদিল্লিরও। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আগে দু'টি বিষয়ে নিশ্চয়তা চায় ভারত। তাঁর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নতুন করে নিরপেক্ষ বিচারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দিল্লি। বিবিসি বাংলা-র একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনে ভারতের বিদেশ মন্ত্রক এবং সামরিক বাহিনীর একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের কথাও উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশ কিছুদিন ধরেই শেখ হাসিনাকে নির্বাসন থেকে বাংলাদেশে ফেরানোর জন্য একটি কার্যকর পথ তৈরির চেষ্টা করছে নয়াদিল্লি। তবে তাঁর নিরাপত্তা এবং ন্যায়বিচারের বিষয়টি নিশ্চিত করতে চায় ভারত।

যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিবিসি বাংলা-র এই প্রতিবেদন নিয়ে এখনও কোনও নিশ্চিত প্রতিক্রিয়া দেয়নি। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এই বিষয়ে মন্তব্য করতে চাননি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে রণধীর জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হয়, শেখ হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফেরাতে সেনাবাহিনীর বিমান পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে? পাশাপাশি, ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের সুযোগ এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের নিশ্চয়তাও কি চেয়েছে নয়াদিল্লি? জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 'এই বিষয়ে আমার কিছু বলার নেই।'

অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক শুক্রবার ফেসবুকে দাবি করেছেন, কোনও দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। নাজমুল লেখেন, 'ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ফিনল্যান্ড, আমেরিকা, বেলারুশ, কাতার, এমনকী আফ্রিকার কোনও দেশও একজন গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি নয়। অর্থাৎ, হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে যাচ্ছে।' তিনি আরও দাবি করেন, শেষ উপায় হিসেবে আওয়ামি লীগের তৃণমূল স্তরের কর্মী ও সমর্থকদের রক্তের উপর ভরসা করেই বাংলাদেশে ফিরতে চাইছেন হাসিনা।

Advertisement

বাংলাদেশ সরকারের সঙ্গে প্রথম যোগাযোগ হাসিনার
গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট এবং ভ্রমণের নথিপত্রের জন্য আবেদন করেছিলেন শেখ হাসিনা। নির্বাসনে যাওয়ার পর বাংলাদেশের সরকারের সঙ্গে এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে মনে করা হচ্ছে। যদিও ঢাকার তরফে এই আবেদনে ইতিবাচক সাড়া মেলেনি। 

বাংলাদেশের আদালত ইতিমধ্যেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। অন্যদিকে, ঢাকা বারবার তাঁর প্রত্যর্পণের দাবি জানালেও ভারত এখনও সেই দাবিতে সাড়া দেয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা মাথায় রেখে তাঁকে ভারতে থাকতে দেওয়া হয়েছে। এর মধ্যেই ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন হাসিনা। বাংলাদেশের প্রত্যর্পণের দাবিতে ভারত এখনও সাড়া না দেওয়ার পিছনে শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কও একটি গুরুত্বপূর্ণ কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

হাসিনার প্রত্যাবর্তনে ভারতের ২টি শর্ত
বিবিসি বাংলা-র প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের দু'টি প্রধান শর্ত রয়েছে। প্রথম শর্ত, তাঁকে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে করেই ভারতে এসেছিলেন হাসিনা। এবারও একই ভাবে তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায় নয়াদিল্লি।

প্রতিবেদনে বলা হয়েছে, আকাশপথে অথবা স্থলপথে, দু'ভাবেই এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বাংলাদেশ দিল্লিতে একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। অথবা স্থলসীমান্তের কোনও নির্দিষ্ট জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা করতে ভারত প্রস্তুত বলেও দাবি করা হয়েছে।

দ্বিতীয় শর্তটি হল, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলা বিচারপ্রক্রিয়া। ভারতের দাবি, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে তাঁকে। পাশাপাশি জুলাইয়ের গণহত্যা সংক্রান্ত অভিযোগে তাঁর বিচার নতুন করে করতে হবে।

বিবিসি বাংলা-কে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, 'আমরা কখনও জেনেশুনে তাঁকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়ার জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব, তিনি যাতে নতুন করে নিরপেক্ষ বিচারের সুযোগ পান, তা নিশ্চিত করতে।' ওই আধিকারিকের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক মহল এবং বিশ্ব সংবাদমাধ্যমের নজরদারির মধ্যেই এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক, সেটাও চায় ভারত।

ডিসেম্বরে দেশে ফেরা কি সম্ভব হাসিনার?
নয়াদিল্লির তরফে উদ্যোগের কথা বলা হলেও ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা এখনও যথেষ্ট কম বলেই মনে করছে বিবিসি বাংলা।

প্রতিবেদনে উদ্ধৃত ভারতীয় আধিকারিকদের একাংশের মতে, প্রকাশ্যে প্রত্যর্পণের দাবি জানালেও বাংলাদেশের সরকার আদৌ হাসিনাকে দেশে ফেরাতে চায় কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, বর্তমানে বাংলাদেশ একাধিক সমস্যা ও সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তন ঢাকার সমস্যা আরও বাড়াতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement