Advertisement

সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে জামাত, বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদে ১১ দলের জোট 

বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কথিত ‘পুশ-ইন’ বা জোর করে অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ইসলামপন্থী ও বিরোধী দলগুলির জোট ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। এই জোটে রয়েছে শেখ হাসিনা-বিরোধী ছাত্রনেতৃত্বাধীন এনসিপি-সহ একাধিক রাজনৈতিক দল।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Jun 2026,
  • अपडेटेड 4:21 PM IST
  • বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কথিত ‘পুশ-ইন’ বা জোর করে অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ইসলামপন্থী ও বিরোধী দলগুলির জোট ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।

বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কথিত ‘পুশ-ইন’ বা জোর করে অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ইসলামপন্থী ও বিরোধী দলগুলির জোট ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। এই জোটে রয়েছে শেখ হাসিনা-বিরোধী ছাত্রনেতৃত্বাধীন এনসিপি-সহ একাধিক রাজনৈতিক দল।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জানিয়েছে, ১২ জুন সীমান্তবর্তী জেলাগুলি ও গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে প্রতিবাদ সমাবেশ হবে। এরপর ১৫ জুন ঢাকায় বৃহত্তর সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে। জোটের অভিযোগ, ভারত অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পেরিয়ে পাঠানোর চেষ্টা করছে এবং বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনাও ঘটছে।

এই কর্মসূচির ঘোষণা এমন সময়ে এল, যখন কথিত ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। সম্প্রতি নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিষয়টি উত্থাপন করেছিল ঢাকা।

তবে ভারত এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। নয়াদিল্লির দাবি, কোনও জোরপূর্বক অনুপ্রবেশ ঘটানো হচ্ছে না। বরং আইনসম্মত প্রক্রিয়া, নাগরিকত্ব যাচাই এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি মেনেই অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ভারতের বক্তব্য, প্রত্যাবাসন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বাংলাদেশকেও দ্রুত পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে।

এদিকে ঢাকায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াত নেতা এএইচএম হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, গত তিন মাসে সীমান্তে ৫০টিরও বেশি ‘পুশ-ইন’-এর ঘটনা ঘটেছে। তাঁর দাবি, মার্চ থেকে মে মাসের মধ্যে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় ২,৪৭৯ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা হয়েছে। যদিও এই পরিসংখ্যানের স্বাধীন যাচাই এখনও হয়নি।

অন্যদিকে, এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ‘মানব ঢাল’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, সীমান্তে বসবাসকারী মানুষ নানা ধরনের নিরাপত্তা ও মানবিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই সীমান্তে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

Advertisement

বাংলাদেশের ইসলামপন্থী দলগুলির এই কর্মসূচি সীমান্ত ইস্যুকে কূটনৈতিক আলোচনার টেবিল থেকে সরাসরি রাজপথে নিয়ে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এমন পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তকে ঘিরে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ভারতের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। এই সীমান্তকে কেন্দ্র করেই বর্তমানে দুই দেশের মধ্যে অবৈধ অনুপ্রবেশ, প্রত্যাবাসন এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
 

 

Read more!
Advertisement
Advertisement