
চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা নিয়ে উত্তাল বাংলাদেশ। লাগাতার হিংসা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় হামলা হয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে মুখ খুললেন অন্তর্বতীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
শেখ হাসিনার দল আওয়ামি লিগের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি। তাঁর দাবি, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় পেট্রল বোমা ছোড়া হচ্ছে। চলতি মাসে দেশের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। এই হামলার পিছনে নিষিদ্ধ আওয়ামি লিগের সন্দেহভাজন কর্মী-সমর্থকদের হাত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশ-বিদেশের মানুষের কাছে সাহায্যও চান তিনি।
সোমবার, ২৩ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে মহম্মদ ইউনুস জানিয়েছেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। তাঁর নিজের চট্টগ্রামের বাড়িতেও হামলা হয়েছে। ওই বাড়ি থেকেই তাঁর গ্রামীণ ব্যাঙ্কের কাজের সূত্রপাত হয়েছিল। বর্তমানে তাঁর দুই ভাই তাঁদের পরিবার নিয়ে সেখানে থাকেন। তবে নিজের বাড়িতে হামলার থেকেও গ্রামীণ ব্যাঙ্কের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনা তাঁকে বেশি উদ্বিগ্ন করেছে বলে জানিয়েছেন ইউনুস। তাঁর কথায়, গ্রামীণ ব্যাঙ্ক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি দরিদ্র মহিলাদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান।
ইউনুসের অভিযোগ, নভেম্বর মাসের শুরু থেকেই গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় প্রায় প্রতিদিন পেট্রল বোমা দিয়ে হামলা চালানো হচ্ছে। হামলার সময় 'জয় বাংলা' স্লোগানও দেওয়া হচ্ছে।
তাঁর বক্তব্য, এই হামলার ধরন দেখে মনে হচ্ছে, উপরমহলের কারও নির্দেশে প্রতিদিন পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। হামলার ঘটনায় গ্রামীণ ব্যাঙ্কের কর্মী এবং ঋণগ্রহীতাদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। বেশ কয়েকটি ঘটনায় ব্যাঙ্কের কর্মী ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বলেও দাবি করেছেন ইউনুস।
তিনি আরও জানিয়েছেন, এই হামলার জেরে গ্রামীণ এলাকার লক্ষ লক্ষ মহিলার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ, এই ব্যাঙ্কের ঋণের উপর নির্ভর করেই বহু মহিলা নিজেদের ছোট ব্যবসা চালান, পরিবারের খাবারের ব্যবস্থা করেন এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগান।
গ্রামীণ ব্যাঙ্কের মালিকানা নিয়ে ছড়ানো বিভ্রান্তিরও জবাব দিয়েছেন মহম্মদ ইউনুস। তাঁর অভিযোগ, হামলাকারীদের তরফে প্রচার করা হচ্ছে যে গ্রামীণ ব্যাঙ্ক তাঁরই মালিকানাধীন এবং তিনিই ব্যাঙ্কটি পরিচালনা করেন। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রাক্তন নোবেলজয়ীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাঙ্কের ৯০ শতাংশ শেয়ারের মালিক ব্যাঙ্কের ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। ব্যাঙ্কের মোট ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই মহিলা।
শেখ হাসিনার দিকে অভিযোগের আঙুল তুলে ইউনুস অভিযোগ করেন, ২০১১ সালে আওয়ামি লিগ সরকারের আমলে তাঁকে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে ব্যাঙ্কের পরিচালনা বা দৈনন্দিন কাজকর্মের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
এদিকে এই হামলার জেরে, গ্রামীণ ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন ইউনুস। একইসঙ্গে আন্তর্জাতিক মহলের কাছেও সাহায্যের আবেদন জানিয়ে তাঁর বক্তব্য, গ্রামীণ ব্যাঙ্কের বন্ধু ও সমর্থকদের উচিত এই হামলার পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সরব হওয়া। যাঁরা উপরমহল থেকে এই ধরনের হামলায় মদত দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও জনমত তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।