
গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে পোশাক ও বস্ত্র শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ চলছে। এতে দেশটির রফতানি সম্ভাবনা, কর্মসংস্থানের অবস্থা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এরমধ্যেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাবে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। এমনটাই বলছে সরকারি পরিসংখ্যান। জানা যাচ্ছে এই পরিস্থিতিতে বিদেশি ক্রেতারাও চুক্তি বাতিল করছেন।
বাংলাদেশের বস্ত্রশিল্পের পরিস্থিতি
এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়েছেন বিরোধী দলের এক সাংসদ। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এ বিষয়ে আলোচনার নোটিস দেন। নোটিসে বলা হয়, তৈরি পোশাক (আরএমজি) খাত বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। এতে সরাসরি কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিক। এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষ এ শিল্পের ওপর নির্ভরশীল। জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিসে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে শ্রমিকরা আন্দোলনে নামছেন। অনেক ক্ষেত্রে আলোচনা ব্যর্থ হওয়ায় মালিকপক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গত সোমবার এই খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানানো হয়েছে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলছেন, 'এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য আমরা ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য আমরা ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা।'এই নিয়ে পরবর্তী বৈঠক ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মূলত বাংলাদেশর ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভারসহ অন্যান্য শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়েছিল। শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশ নিয়ে শুরু হওয়া এই বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তা অবরোধ, কারখানা বন্ধ, ভাঙচুর ও অগ্নিসংযোগে রূপ নিয়েছিল। বাংলাদেশের জন্য তা উদ্বেগের বিষয় হলো, এই শিল্প দেশটির রফতানি অর্থনীতির মেরুদণ্ড। ভারতের জন্যও এই ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ শুধু আন্তর্জাতিক পোশাক বাজারে প্রতিযোগীই নয়, বরং আঞ্চলিক বস্ত্র সরবরাহ শৃঙ্খলেরও অপরিহার্য অংশ। সেইসঙ্গে, এটি এমন একটি প্রতিবেশী দেশ যার অর্থনৈতিক অস্থিতিশীলতা আন্তঃসীমান্ত বাণিজ্যকে প্রভাবিত করে।
ভারতের জন্য এর অর্থ কী?
বাংলাদেশের এই ঘটনাপ্রবাহ বাণিজ্য, বস্ত্র উৎপাদন, রফতানি প্রতিযোগিতা, কর্মসংস্থান, আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্নভাবে ভারতকে প্রভাবিত করতে পারে। ভারতের জন্য প্রথম এবং সবচেয়ে প্রত্যক্ষ সম্ভাব্য সুবিধাটি হলো, আন্তর্জাতিক রেডিমেড পোশাকের অর্ডারগুলো বাংলাদেশ থেকে ভারতীয় উৎপাদকদের দিকে স্থানান্তরিত হতে পারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানের কারণে, এর উৎপাদন নেটওয়ার্কে যেকোনও ধরনের ব্যাঘাত সেইসব আন্তর্জাতিক ফ্যাশন কোম্পানিকে সরাসরি প্রভাবিত করে, যারা তাদের পণ্য সংগ্রহের জন্য বাংলাদেশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতে ইতিমধ্যেই শক্তিশালী ও প্রতিষ্ঠিত বস্ত্র উৎপাদন পরিকাঠামো রয়েছে, ফলে এই অর্ডারগুলোর জন্য চমৎকার বিকল্প গন্তব্য হতে পারে।
আন্তর্জাতিক ক্রেতারা যদি তাদের অর্ডারের জন্য বিকল্প পথের সন্ধান করেন, তবে ভারতের প্রধান বস্ত্র ও পোশাক উৎপাদন কেন্দ্রগুলি, যেমন তিরুপুর, বেঙ্গালুরু, নয়ডা, গুরুগ্রাম, লুধিয়ানা, সুরাট এবং আহমেদাবাদ, উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে। ভারতীয় উৎপাদকদের সুতির কাপড়, নিটওয়্যার, হোম টেক্সটাইল, সিনথেটিক কাপড়, টেকনিক্যাল টেক্সটাইল এবং ভ্যালু-অ্যাডেড টেক্সটাইল সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে।
এই নতুন আন্দোলন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে শুধুমাত্র একটি দেশের উপর নির্ভরতা থেকে সরে এসে একাধিক দেশে তাদের অর্ডার বৈচিত্র্যময় করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে উৎসাহিত করতে পারে। বিশেষ করে সেইসব কোম্পানির জন্য যারা শ্রমিক আন্দোলন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের ঝুঁকি কমাতে চায়।
২৪ সালেও একই পরিস্থিতি
এমন আগেও ঘটেছে। ২০২৪ সালের অগাস্টে, যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও ব্যাপক কারখানা বন্ধের ঘটনা ঘটেছিল, তখন ভারতীয় পোশাক রফতানিকারকরা মনে করেছিলেন যে আন্তর্জাতিক অর্ডারগুলো ভারতের দিকে চলে আসবে। অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (AEPC) তখন ইঙ্গিত দিয়েছিল যে এই সরবরাহের ঘাটতি পূরণের জন্য ভারতীয় প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তবে, শিল্প প্রতিনিধিরা সতর্ক করেছিলেন যে ভারতের বর্তমান উৎপাদন ক্ষমতা এবং সরবরাহ-শৃঙ্খলের সীমাবদ্ধতার কারণে হঠাৎ করে আসা বিপুল পরিমাণ অর্ডার সম্পূর্ণরূপে সামাল দেওয়া কঠিন হবে।
২০২৬ সালের নভেম্বরের এই ঘটনাপ্রবাহ ভারতের জন্য আবারও অনুরূপ সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে যদি বাংলাদেশে এই অচলাবস্থা আরও কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে। তবে, অর্ডারের এই পরিবর্তনকে স্থায়ী বলে বিবেচনা করা উচিত নয়। আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশ থেকে তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার আগে সতর্কতার সঙ্গে মূল্য, উৎপাদন ক্ষমতা, পণ্যের গুণমান, সরবরাহের সময় এবং দক্ষ শ্রমিকের প্রাপ্যতা মূল্যায়ন করবে।
বাংলাদেশের শ্রমিক আন্দোলন ভারতের বস্ত্রশিল্পের জন্য কী তাৎপর্য বহন করে?
গুরুত্বপূর্ণ বিষয় হলো, পোশাক উৎপাদন খাতে বাংলাদেশের ব্যয়গত সুবিধা রয়েছে, কারণ এই খাতে খরচ কম এবং শ্রম বেশি। বাংলাদেশের বর্তমান ন্যূনতম মাসিক মজুরি ১২,৫০০ টাকা (প্রায় ৯,৫৩৭ টাকা), যা শ্রমিকদের দাবি (৩০,০০০ টাকা) থেকে অনেক কম। সরকার উল্লেখযোগ্য মজুরি বৃদ্ধি অনুমোদন করলেও, চূড়ান্ত মজুরি কাঠামো, উৎপাদনশীলতা এবং অন্যান্য উৎপাদন ব্যয়ের ওপর নির্ভর করে বাংলাদেশের কিছু ব্যয়গত সুবিধা থাকতে পারে।
পিছিয়ে নেই ভারত
যদিও বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পোশাক জনপ্রিয়, তবে ভারতও খুব বেশি পিছিয়ে নেই — বৃহত্তম পোশাক রফতানিকারকদের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতের এই সুবিধার কারণ হলো এর সরবরাহ ব্যবস্থা এবং দেশে বিপুল পরিমাণে তুলা ও সুতোর উৎপাদন। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের সঙ্গে ভারতের সাম্প্রতিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTAs) থেকেও ভারত লাভবান হবে, যা ভারতীয় বস্ত্রশিল্পকে শুল্কমুক্ত বাজারের সুবিধা দেবে। এই এফটিএর আওতায় অন্যান্য পণ্যের পাশাপাশি তৈরি পোশাক, তুলা, কৃত্রিম তন্তু এবং রেশম অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (LDC) মর্যাদা দ্রুত শেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এটি ভারতকে একটি বাড়তি সুবিধা প্রদান করে, কারণ এই মর্যাদার ফলে বাংলাদেশ একই ইউরোপীয় বাজারগুলোতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়। তবে LDC মর্যাদা হারালে বাংলাদেশি পোশাক অবশেষে ৯.৬% থেকে ১২% পর্যন্ত সাধারণ আমদানি শুল্কের সম্মুখীন হবে, তাই ঐতিহাসিকভাবে যে মূল্য ব্যবধানটি আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় ঢাকাকে সুবিধা দিত, তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
বাংলাদেশের পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ,বিদেশি ক্রেতারা চুক্তি বাতিল করছেন। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ঝুঁকির মুখে পড়ছে। ভারতীয় বস্ত্র বাজারে কী কী সুবিধা ও প্রতিবন্ধকতা নিয়ে আসছে?