
ছোট পর্দা থেকে বড় পর্দার নায়ক- নায়িকা হয়ে ওঠার গল্প যুগ যুগ ধরে শোন যায়। আজকের টলিউডের তাবড় তারকাদের মধ্যে অনেকেরই কেরিয়ার শুরু বাংলা টেলিভিশন থেকে। বর্তমান সময়ে,দেব তাঁর সব ছবিতে নতুনদের সুযোগ দিচ্ছেন। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পালদের পরে দেবের ছবির নায়িকা ছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু। 'প্রজাপতি ২'-র মাধ্যমে রুপোলী পর্দায় ডেবিউ করেন জ্যোতির্ময়ী। তবে এখানেই থেমে নেই তিনি। এখন তিনি শাকিব খানের নায়িকা। ইদে মুক্তি পায় বাংলাদেশের ছবি 'প্রিন্স'। তবে ওপার বাংলায়, খুব একটা সুখকর অভিজ্ঞতা হল না নায়িকার। চরম অস্বস্তিতে পড়তে হল তাঁকে।
সময়টা খুব ভাল যাচ্ছে জ্যোতির্ময়ীর। কেরিয়ারে একের পর এক বড় সুযোগ পাচ্ছেন। দেবের পরে তিনি কাজ করেছেন শাকিব খানের বিপরীতে। বাংলাদেশের পরিচালক আবু হায়াত মাহমুদের ইদের ছবির নায়ক শাকিব। ছবির নাম 'প্রিন্স: ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা'। প্রেম ও অ্যাকশন দৃশ্যে ভরপুর এই ছবিতে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। ইদে তাঁর মুক্তি পেলেও, ছবির ব্যবসা একদমই ভাল হয়নি। এক কথায় বলা যায়, রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ছবিটি। ব্যর্থ এই ছবি ঘিরে উঠেছে একগুচ্ছ অভিযোগ। ব্যর্থতার দায় স্বীকার করেছেন শাকিব। তবে বুধবার থেকে হঠাৎ শিরোনামে নায়ক। নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর কিছু ভিডিও। তাঁর নিন্দে করে, রীতিমতো হৈচৈ দু-বাংলায়। ঠিক কী ঘটেছে?
সম্প্রতি ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে শাকিবের আচরণে ধরা পড়ল অসঙ্গতি। চোখেমুখে অস্বস্তির ছাপ জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিনের। সেই ভিডিও ঘিরে নেট মাধ্যমে চলছে জোর চর্চা। ভিডিওতে দেখা যায়, সাংবাদিক সম্মেলনের সময়, জ্যোতির্ময়ীর কাছে দাঁড়িয়ে তাঁর কোমর জড়িয়ে রয়েছেন তিনি। শুধু তাই নয়, নায়িকাকে বারবার স্পর্শ করছেন। টলিউড নায়িকার চোখ- মুখ-আচরণ দেখে স্পষ্ট, তিনি এই আচরণে একেবারেই স্বাচ্ছন্দ্য হয়, উল্টে অস্বস্তিতে পড়েছেন। নায়িকা কয়েকবার শাকিবের হাত সরিয়েও দেন।
অন্যদিকে, ছবির স্ক্রিনিং শেষ হওয়ার পরে, শাকিবকে তাসনিয়ার কাঁধে হাত দিতে দেখা যায়, সেসময় বাংলাদেশী অভিনেত্রীও তাঁর হাত সরিয়ে দেন। যদিও এপ্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি দুই নায়িকা। তবে শাকিবের এরকম আচরণে ক্ষুদ্ধ নেটিজেনরা। এমনকী, শাকিবের সঙ্গে বুবলি, অপু সহ আরও একাধিক নায়িকার নাম টেনে আলোচনা শুরু হয়েছে।
'প্রিন্স' ছবির রোম্যান্টিক গান 'পরী'-তে শাকিব- জ্যোতির্ময়ীর মাখোমাখো রসায়ন চর্চায় ছিল। বর্তমানে শাকিবের বয়স ৪৬, অন্যদিকে জ্যোতির্ময়ী মাত্র ২৬ বছরের তরুণী। দুই তারকার মধ্যে বয়সের পার্থক্য ২০ বছর হলেও, তাঁদের জুটি বেশ পছন্দ করছে দর্শক। ছবিতে গ্যাংস্টার চরিত্রে রয়েছেন শাকিব খান। শাকিব, জ্যোতির্ময়ী ছাড়াও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা.এজাজ, শরীফ সিরাজের মতো শিল্পীরা। জানা যাচ্ছে, ভারত, বাংলাদেশ, ছাড়াও শ্রীলঙ্কায় ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়েছে।
প্রসঙ্গত, 'বঁধুয়া' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে জগতে পা রাখেন জ্যোতির্ময়ী। এরপরই দেবের ছবিতে সুযোগ পান। জানা গিয়েছে, পরিচালক অভিজিত্ সেনের মাধ্যমে জ্যোতির্ময়ী যোগাযোগ করেন প্রযোজনা সংস্থার সঙ্গে। পর পর ধারাবাহিকে কাজ না করে, বড় পর্দায় ব্রেক পাওয়ার চেষ্টা করছিলেন। এরপরই প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। প্রযোজকেরও মনে ছিল জ্যোতির্ময়ীর কথা। এরপর 'প্রজাপতি ২'-র নায়িকার ভূমিকায় তাঁকে মানানসই মনে হওয়ায়, ডাক পড়ে অভিনেত্রীর। গত বছর বড়দিনে মুক্তি পায় 'প্রজাপতি ২'।