
দিল্লিতে সাংবাদিক বৈঠক করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের দ্বিতীয় বর্ষপূর্তি, অর্থাৎ ৫ অগাস্ট দিল্লিতে ভার্চুয়ালি বক্তৃতা করছেন শেখ হাসিনা।
শেখ হাসিনা LIVE
তিনি আরও বলেন, 'আজ সাধারণ মানুষ এর মূল্য দিচ্ছেন। দারিদ্র্যের হার ১৮ শতাংশ থেকে ৪৬ শতাংশে পৌঁছেছে। ব্যবসায়ীদেরও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।'
হাসিনা দাবি করেন, '২০২৪ সালের ৫ অগাস্টের পর ষড়যন্ত্র থেমে যায়নি, হত্যাকাণ্ডও বন্ধ হয়নি। অন্তত ১০ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রায় ১৫ হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৩ হাজারেরও বেশি মামলা দায়ের হয়েছে। আমার বিরুদ্ধেও একাধিক মামলা সাজানো হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কলঙ্কিত ও আহত হয়েছে। এটি বিচ্ছিন্ন হিংসার ঘটনা নয়। মুক্তিযুদ্ধের আদর্শ এবং বঙ্গবন্ধুর উত্তরাধিকার মুছে ফেলাই তাদের উদ্দেশ্য।'
তিনি প্রশ্ন তোলেন, 'যখন থানায় হামলা হচ্ছে, অস্ত্র লুট হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, তখন রাষ্ট্রের দায়িত্ব কী? সাধারণ মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা কি রাষ্ট্রের কর্তব্য নয়? ক্ষমতা দখলের পর মহম্মদ ইউনূসের অবৈধ সরকার তদন্ত বন্ধ করে দেয়। তারা সত্য বা ন্যায়বিচার চায়নি, তারা শুধু ক্ষমতা চেয়েছে।'
কী বললেন সজীব ওয়াজেদ জয়?
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরও বাংলাদেশে হিংসা থামেনি। তাঁর অভিযোগ, ২০২৪ সালের অগস্টের বিক্ষোভের পরও হত্যাকাণ্ড চলতে থাকে।
তিনি রাষ্ট্রসংঘ (UN)-এর প্রকাশিত মৃত্যুর সংখ্যা এবং সরকারি পরিসংখ্যানের মধ্যে পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, একটি 'ইনডেমনিটি' (দায়মুক্তি) ব্যবস্থার মাধ্যমে বিক্ষোভকারীদের ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ঘটে যাওয়া হিংসার ঘটনাগুলি গভীরভাবে তদন্ত করার আহ্বান জানান।
সজীব ওয়াজেদ জয় আরও অভিযোগ করেন, 'বাংলাদেশ আরেকটি পাকিস্তানে পরিণত হয়েছে।' তাঁর দাবি, এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগের বিষয় হওয়া উচিত।
বুধবার দিল্লির ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’-তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুজিবুর রহমানের কন্যা। ভারত ও বাংলাদেশ- এই দুই দেশ থেকেই সরাসরি দেখা যাবে এই সম্প্রচার।
ভারতে এই অনুষ্ঠান সন্ধে ৬ টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হওয়ার কথা। সেখানে বাংলাদেশে সাড়ে ৬ টা থেকে আটটা পর্যন্ত। আর তা দেখা যাবে-
Facebook: FCCSouthAsia
YouTube: @FCCSouthAsia
Website: www.fccsouthasia.com
X (Twitter): X.FCCNewDelhi
উপরে উল্লেখিত লিঙ্কে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই শেখ হাসিনা জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন। তার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের সরকার জানিয়ে দিয়েছে, হাসিনা দেশে এলেই তাঁকে গ্রেফতার করা হবে। এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক সম্মেলন খুব গুরুত্বপূর্ণ।