Advertisement

Sheikh Hasina: পেট্রাপোলের পর ত্রিপুরা সীমান্তেও আওয়ামী লিগের শীর্ষনেতারা, হাসিনা কোন পথে ফিরতে পারেন বাংলাদেশ?

হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে চর্চার মধ্যেই শনিবার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন আওয়ামী লিগের ৪ জন শীর্ষ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক ও মফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

শেখ হাসিনা ও পেট্রাপোল সীমান্ত (বাঁ দিক থেকে)শেখ হাসিনা ও পেট্রাপোল সীমান্ত (বাঁ দিক থেকে)
আশুতোষ মিশ্র
  • ঢাকা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 12:43 PM IST
  • পেট্রাপোল সীমান্তে আওয়ামী লিগের ৪ জন শীর্ষনেতা
  • আওয়ামী লিগের একাধিক নেতার বিরুদ্ধে মামলা, কারও কারও সাজা
  • হিংসা বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলাদেশের বিএনপি সরকারের

আগের ঘোষণা মতো ২০২৬ সালের ক্যালেন্ডারের পাতা ওল্টানোর আগেই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তা মোটামুটি নিশ্চিত। অন্তত এখনও পর্যন্ত তেমনই গতিবিধি। যার নির্যাস, আওয়ামী লিগকে ঠেকাতে কিংবা দেশের মাটিতে পা রাখলেই হাসিনাকে গ্রেফতারের জন্য নানা ভাবে তৈরি হচ্ছে বিএনপি সরকারও। আওয়ামী লিগের নেতা-কর্মীদের উপর অকথ্য অত্যাচার, গ্রেফতার, বাড়িতে আগুনের মতো ঘটনা ঘটছে। বাংলাদেশের একাধিক জেলায় হিংসাত্মক পরিস্থিতি। রাস্তায় নেমেছেন আওয়ামী লিগ সমর্থকরা। এর মধ্যে আরও একটি বড় খবর হল, পশ্চিমবঙ্গের পেট্রাপোল, ত্রিপুরা সহ বাংলাদেশ সীমান্তগুলি পরিদর্শন শুরু করে দিয়েছেন আওয়ামী লিগের শীর্ষ নেতারা। জল্পনা তৈরি হয়েছে, এই সব সীমান্তগুলি পেরিয়েই বাংলাদেশে ফিরতে পারেন হাসিনা।

খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এবং পাবনার মতো জেলায় উত্তেজনা

এই পরিস্থিতিতে বাংলাদেশের একাধিক জেলায় হিংসা, অগ্নিসংযোগ এবং ধরপাকড়ের খবর সামনে এসেছে। আওয়ামী লিগ সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। দলের কয়েকশো কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এবং পাবনার মতো জেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ২০২৪ সালের অগাস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। এবার তাঁর দেশে ফেরার সম্ভাবনা ঘিরে আওয়ামী লিগ সমর্থকদের মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লিগের ৪ জন শীর্ষনেতা

হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে চর্চার মধ্যেই শনিবার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন আওয়ামী লিগের ৪ জন শীর্ষ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক ও মফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তে পৌঁছন ওই নেতারা। সেখানে অভিবাসন কেন্দ্রে প্রায় দু'ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠকও করেন। হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য স্থলপথ খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করা হচ্ছে।

Advertisement

শুধু পেট্রাপোল নয়, ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্ত করিডরও পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের। আগামী ২৪ ও ২৫ নভেম্বর ওই সীমান্ত এলাকায় গিয়ে বিকল্প পথগুলি খতিয়ে দেখা হতে পারে। যদিও হাসিনার দেশে ফেরার কোনও চূড়ান্ত ব্যবস্থা হয়েছে কি না, সে বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

আওয়ামী লিগের একাধিক নেতার বিরুদ্ধে মামলা, কারও কারও সাজা

বাংলাদেশে আওয়ামী লিগের বিরুদ্ধে অ্যাকশনও জারি রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের একাধিক শীর্ষ নেতা বিচারের মুখোমুখি হয়েছেন। কয়েকজনের সাজাও হয়েছে। জাহাঙ্গির কবির নানকের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুরে কথিত নৃশংসতার ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি পৃথক মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হয়েছে।

ছাত্রলিগের প্রাক্তন নেত্রী তানিয়া আক্তার গ্রেফতার

আওয়ামী লিগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলিগের প্রাক্তন নেত্রী তানিয়া আখতার তাপসীকে গ্রেফতারের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। গত রবিবার গাজীপুরের টঙ্গিপাড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।  তাপসী হলেন ছাত্রলিগের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক প্রাক্তন উপসম্পাদক ছিলেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী হিসেবেও পরিচিত। এর আগে ২০২৩ সালের অগাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রীদের মধ্যে একটি অনুষ্ঠানে বসার জায়গা নিয়ে বিবাদ তৈরি হয়েছিল। সেই ঘটনার পর তাপসীকে শোকজ নোটিস দিয়েছিল ছাত্রলিগ।

হিংসা বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলাদেশের বিএনপি সরকারের

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিএনপি সরকার। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দিল্লিতে থাকা পলাতক ব্যক্তিদের পেট্রল বোমা হামলা, অগ্নিসংযোগ কিংবা হিংসার মাধ্যমে দেশে ফেরানো সম্ভব নয়। তাঁদের প্রত্যর্পণের জন্য ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির পথেই এগোতে হবে। বাংলাদেশ সরকারের ঘোষণা মতো নিষিদ্ধ আওয়ামী লিগের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগও তুলেছেন তিনি। তাঁর দাবি, বিদেশে থাকা দলের নেতারাও বাংলাদেশে হিংসা ছড়ানোর জন্য উস্কানি দিচ্ছেন।

পেট্রল বোমা হামলা, অগ্নিসংযোগ এবং অন্যান্য হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। অপরাধীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

Read more!
Advertisement
Advertisement