Advertisement

Sheikh Hasina: ঢাকা ফিরতে নতুন পাসপোর্টের আবেদন হাসিনার, 'শ্বশুরবাড়ি আসছেন?' প্রশ্ন বাংলাদেশের মন্ত্রীর

ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতি শুরু করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 11:05 AM IST
  • বাংলাদেশে ফেরার প্রস্তুতি শুরু করলেন হাসিনা
  • নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন
  • আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা

ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতি শুরু করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই লক্ষ্যেই এবার প্রয়োজনীয় নথিপত্র তৈরির উদ্যোগ নিলেন শেখ হাসিনা। তবে তাঁর এই আবেদনের মধ্যেই নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। কারণ শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশের সংবাদমাধ্যম 'দ্য ডেইলি স্টার'-এর প্রতিবেদন অনুযায়ী, হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, 'আমরা হাসিনাকে ফেরত চাই। তিনি একজন সন্ত্রাসবাদী। তিনি পলাতক। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে।' তাঁর বক্তব্য, শেখ হাসিনার পাসপোর্টের প্রয়োজন নেই। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠি লিখে নতুন ভ্রমণ সংক্রান্ত নথি এবং পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়েছেন। ২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের যোগাযোগ করলেন তিনি।

লন্ডনভিত্তিক আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের দিল্লির দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি পাঠিয়েছেন। সেখানে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষের তরফে শেখ হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সেই পরিস্থিতিতে তাঁর মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত চুক্তির অধীনে বাংলাদেশের দায়িত্ব এবং শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের কথা উল্লেখ করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

Advertisement

এর আগে শেখ হাসিনা জানিয়েছিলেন, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চান তিনি। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনাও রয়েছে তাঁর। হাসিনার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

কেন বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা?
২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ক্রমে সেই আন্দোলন দেশজুড়ে গণঅভ্যুত্থানের রূপ নেয়। শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তাঁর ২০ বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে। এরপর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি।

দেশে ফেরার পরিকল্পনার মধ্যেই গুরুতর আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়। আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাঁর সরকারের প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে এই সাজা ঘোষণা করা হয়। যদিও নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করবেন।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার দল আওয়ামী লীগকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। দলের একাধিক নেতা ও সমর্থক গ্রেফতার হয়েছেন। অনেকে আবার ভারত-সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে চায় বাংলাদেশ
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার আবেদনের মধ্যেই তাঁকে প্রত্যর্পণের দাবি জোরালো করেছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, যাঁর বিরুদ্ধে বাংলাদেশে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাঁকে নতুন পাসপোর্ট দেওয়ার প্রয়োজন কেন?

'দ্য ডেইলি স্টার'-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, রংপুরে কি তিনি শ্বশুরবাড়ি বেড়াতে আসছেন যে তাঁকে পাসপোর্ট দিতে হবে? সন্ত্রাসবাদী ও অপরাধীদের গ্রেফতার করার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না। এটি প্রত্যর্পণের বিষয় এবং এর জন্য নির্দিষ্ট বিচারবিভাগীয় প্রক্রিয়া রয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রচলিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে ঢাকা।

উল্লেখ্য, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। এর আগে নয়াদিল্লির তরফে জানানো হয়েছিল, ঢাকার প্রত্যর্পণ সংক্রান্ত আবেদন বিবেচনা করা হচ্ছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন করে টানাপোড়েন?
২০২৪ সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে তাঁর অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের বারবার আবেদন দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সেখানকার রাজনৈতিক বিভাজন আরও বাড়তে পারে। কারণ, দেশের একাংশের মানুষের মধ্যে এখনও তাঁর সমর্থন রয়েছে। অন্যদিকে, আন্দোলনকারীদের উপর দমন-পীড়নের ঘটনায় তাঁর বিরুদ্ধে জবাবদিহির দাবি তুলছেন বিরোধীরা।

তবে এই প্রত্যর্পণ সংক্রান্ত সমস্যার সমাধান হলে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া উত্তেজনা কিছুটা কমতে পারে বলেও মনে করা হচ্ছে। আপাতত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে তাঁর আইনজীবীরা দেশে ফেরার পথ সুগম করতে চাইছেন, অন্যদিকে প্রত্যর্পণের দাবিতে অনড় বাংলাদেশ।

 

Read more!
Advertisement
Advertisement