Advertisement

Sheikh Hasina : 'বাংলাদেশ স্বাধীন না হলে পাক সেনার বুটের লাথি খেতে হত', BNP সরকারকে নিশানা শেখ হাসিনার

তাঁর আরও অভিযোগ, বন্দিদের ওষুধ ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। নির্যাতনের পর তাঁদের মৃত্যু হচ্ছে। অথচ পরিবারের সদস্যদেরও মৃত্যুর খবর জানানো হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তিনি।

শেখ হাসিনা শেখ হাসিনা
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 6:40 PM IST
  • এদিকে, আওয়ামি লিগের দু'দিনের দেশজুড়ে লকডাউন কর্মসূচি ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে
  • বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে

বাংলাদেশ স্বাধীন না হলে দেশের মানুষকে পাকিস্তানি সেনার অত্যাচার সহ্য করতে হত। পাক সেনার বুটের লাথি খেয়েই বাঁচতে হত তাঁদের। এমনই মন্তব্য করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান তারেক রহমানের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দেশে হেফাজতে থাকা বন্দিদের উপর নির্যাতন চালানো হচ্ছে। মুক্তিযোদ্ধাদেরও নিশানা করা হচ্ছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে এই সরকার। 

বাংলাদেশ আওয়ামী লিগের ভার্চুয়াল অনুষ্ঠান 'দায়মুক্তি লাইভ'-এর ৯৮তম পর্বে বক্তব্য রাখেন শেখ হাসিনা। জুমের মাধ্যমে ওই অনুষ্ঠান হয়। সেখানে যোগ দিয়েছিলেন আওয়ামি লিদের নেতা-কর্মী সমর্থকরা। তাঁরা কীভাবে আক্রান্ত হচ্ছেন, সেই তথ্য তুলে ধরেন। সেই প্রেক্ষিতেই হাসিনা সরকারের ভূমিকার সমালোচনা করেন। 

বন্দিদের উপর নির্যাতনের অভিযোগ

শেখ হাসিনার অভিযোগ, জেলে বন্দিদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে। তাঁদের উপর শারীরিক অত্যাচার করা হচ্ছে। এমনকী, চিকিৎসার সুযোগও দেওয়া হচ্ছে না বলে দাবি তাঁর। হাসিনার কথায়, 'এই দায়মুক্তির যুগে আমরা শহিদদের পরিবারের কথা শুনলাম। প্রতিটি পরিবারই অসীম যন্ত্রণা সহ্য করেছে। তাঁদের হত্যা করার আগে নির্মম নির্যাতন ও অত্যাচার করা হয়েছে। বিশেষ করে কারাগারে বন্দি থাকার সময় তাঁদের উপর অত্যাচার চালানো হয়েছে।'

তাঁর আরও অভিযোগ, বন্দিদের ওষুধ ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। নির্যাতনের পর তাঁদের মৃত্যু হচ্ছে। অথচ পরিবারের সদস্যদেরও মৃত্যুর খবর জানানো হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তিনি। ঢাকার রামপুরা ও বংশাল এলাকার কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করেন আওয়ামি লিগ নেত্রী।

মুক্তিযোদ্ধা খুন নিয়ে সরব হাসিনা

১৯৭১ সালের মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলির হত্যার ঘটনাতেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শেখ হাসিনা। ময়মনসিংহের ধোবাউড়ায় ওই মুক্তিযোদ্ধাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। হাসিনার বক্তব্য, এটি শুধু একজন মুক্তিযোদ্ধার উপর হামলা নয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপরও আঘাত।

Advertisement

তিনি বলেন, 'একজন মুক্তিযোদ্ধাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর চেয়ে জঘন্য কাজ আর কী হতে পারে? ধোবাউড়া, ময়মনসিংহে শেখ হোসেন আলিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ একের পর এক মুক্তিযোদ্ধাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। স্বাধীনতার প্রতীকগুলিকেও ধ্বংস করা হচ্ছে। অথচ এই মুক্তিযোদ্ধারা না থাকলে বাংলাদেশ কখনও স্বাধীন হত না।'

মুজিবের প্রসঙ্গ টেনে বর্তমান পরিস্থিতিকে আক্রমণ

বক্তব্যে নিজের বাবা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কথাও তুলে ধরেন হাসিনা। তাঁর দাবি, বাংলাদেশের মানুষকে স্বাধীন দেশ ও জাতীয় পরিচয় দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন মুজিব। কিন্তু তাঁর হত্যার ফলে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যায়। 

আওয়ামি লিগের লকডাউন ঘিরে উত্তেজনা

এদিকে, আওয়ামি লিগের দু'দিনের দেশজুড়ে লকডাউন কর্মসূচি ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে। দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতেও বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন বাড়িয়েছে সরকার। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। পাশাপাশি, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ১২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির দেওয়া ছবি ও ভিডিয়োতে গোপালগঞ্জ ও ফরিদপুরে রাস্তা অবরোধের দৃশ্য দেখা গিয়েছে। কোথাও রাস্তার উপর গাছ ফেলে পথ আটকানো হয়েছে। কোথাও আবার রাস্তায় আগুন জ্বালানো হয়েছে।

আওয়ামি লিগ নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

এর আগে গত সপ্তাহে নড়াইল জেলায় আওয়ামি লিগ নেতা ও কর্মীদের বাড়ি এবং দোকানে হামলার অভিযোগ ওঠে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ। দুই বিএনপি নেতার হত্যার বদলা নিতেই এই হামলা বলে দাবি করা হয়েছে।

'ঢাকা ট্রিবিউন'-এর প্রতিবেদন অনুযায়ী, হামলায় অন্তত ২০ থেকে ২৫টি বসতবাড়ির ৫০টিরও বেশি ঘর পুড়ে যায়। বারদিয়া বাজারের একাধিক দোকানেও আগুন লাগানো হয়।

এরপর গত ২০ নভেম্বর বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই হামলায় জড়িতদের সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে উল্লেখ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানও রাজনৈতিক খুন ও অগ্নিসংযোগের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন। লালমনিরহাটের একটি সভায় তিনি বলেন, 'অনেক হয়েছে। এই সন্ত্রাসবাদী, অগ্নিসংযোগকারী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে।'

Read more!
Advertisement
Advertisement