কথায় বলে, 'মেড ইন চায়না, বেশি দিন যায় না।' বাংলাদেশ হাতেনাতে প্রমাণ পেয়ে গেল। ঠিক যেমন অপারেশন সিঁদুরে ভারতের হামলার সম চিনা এয়ার ডিফেন্স সিস্টেমে মুখ পুড়েছিল পাকিস্তানের। বুধবার চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং মহড়ার সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা ঘটল। এই ঘটনায় বাংলাদেশের দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক সেনা আধিকারিক। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (ISPR) জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই দুর্ঘটনা ঘটে। তবে কোন মডেলের ট্যাঙ্কে বিস্ফোরণ হয়েছে, তা জানানো হয়নি। ISPR-এর বিবৃতিতে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ট্যাঙ্ক থেকে গুলি চালানোর সময় আচমকাই এই দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, 'আজ চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং মহড়ার সময় একটি ট্যাঙ্ক থেকে গুলি চালানোর সময় আচমকা দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই জওয়ানের মৃত্যু হয়েছে এবং এক আধিকারিক গুরুতর আহত হয়েছেন।' বিভিন্ন তথ্য অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা চার ধরনের ট্যাঙ্কই চিনে তৈরি অথবা চিনের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। আহত আধিকারিককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে ISPR। বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরে মূলত চিনা প্রযুক্তির ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে রয়েছে Type 59 ও Type 69-এর বিভিন্ন সংস্করণ, MBT-2000 মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং VT-5 লাইট ট্যাঙ্ক।