
আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। এবার আমিরকে নিয়ে বড় খবর বি-টাউনের অন্দরে। নতুন প্রজেক্ট নিয়ে আসছেন অভিনেতা- প্রযোজক।
বড় পর্দায় আমির খানকে সেই চেনা রূপে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বিরতি কিছুটা দীর্ঘ হলেও, ‘মিস্টার পারফেকশনিস্ট’ আগেই কথা দিয়েছিলেন, দর্শকদের 'সবুরে মেওয়া ফলবে'। স্পষ্ট জানিয়েছিলেন, শুধু প্রযোজক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও এবার তাঁকে অনেক বেশি সক্রিয় ভূমিকায় দেখা যাবে। সেই কথা রেখেই এবার খবর, নিজের আসন্ন দু’টি মেগা প্রজেক্টের দিনক্ষণ চূড়ান্ত করার তোড়জোড় শুরু করে দিয়েছেন আমির।
সম্প্রতি আমিরের আসন্ন দুই ছবি নিয়ে বলি পাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। প্রথমটি, আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রেক্ষাপটে তৈরি একটি ক্রিকেট-বিষয়ক ছবি। আর দ্বিতীয়টি, রাজকুমার হিরানির ব্লকবাস্টার হিট 'থ্রি ইডিয়টস'-র সিক্যুয়েল (যে ছবিকে অনেকেই ‘ফোর ইডিয়টস’ বলে জল্পনা করছেন)।
‘ভ্যারাইটি’-র একটি প্রতিবেদন অনুযায়ী, এই দুই ছবির জন্যই নিজের শিডিউল ঠিক করছেন আমির। জানা গিয়েছে, তিনি প্রথমে আশুতোষের ছবিটিতেই হাত দেবেন। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি লালা অমরনাথের জীবন কেন্দ্রিক এই গল্পের শ্যুটিং চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে শুরু হওয়ার কথা। আমির প্রথমে এই ছবিটি বেছে নেওয়ার মূল কারণ হল, এটি ফ্লোরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গিয়েছে এবং জোরকদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সূত্র মারফত এ-ও জানা যাচ্ছে যে, এই ছবিতে এক পাকিস্তানি ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে ফারহান আখতারকে। পাশাপাশি তিনি এই ছবির অন্যতম প্রযোজকও।
২০২৭-এ শুরু 'থ্রি ইডিয়টস' সিক্যুয়েলের কাজ
অন্যদিকে, 'থ্রি ইডিয়টস'-র সিক্যুয়েলের চিত্রনাট্যের কাজও এগোচ্ছে দ্রুতগতিতে। ছবির মূল কাঠামো ইতিমধ্যেই তৈরি হয়েছে। রাজকুমার হিরানির সঙ্গে মিলে গল্প লিখছেন অভিজাত জোশী। সূত্র জানাচ্ছে, চিত্রনাট্যের ৩-৪টি খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে। তবে নিজের চেনা স্বভাব বজায় রেখে আমির চিত্রনাট্যটিকে আরও নিখুঁত করার পরামর্শ দিয়েছেন।
গল্প বলার ধরন এবং নিখুঁত চিত্রনাট্যের বিষয়ে আমিরের খুঁতখুঁতে স্বভাবের কথা গোটা বলিউড জানে। শোনা যায়, হিরানির ‘দাদাসাহেব ফালকে’ বায়োপিক থেকে আমির এই কারণেই পিছিয়ে এসেছিলেন, কারণ তাঁর মতে ওই ছবির চিত্রনাট্য যথেষ্ট মজবুত ছিল না। এ ছাড়া, ‘থ্রি ইডিয়টস’-র সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা যে আকাশছোঁয়া থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই ছবিটি নির্মাণের ক্ষেত্রে কোনও ফাঁকফোকর রাখতে রাজি নন অভিনেতা। সেই কারণেই, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই ছবির শ্যুটিং শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই দুই মেগা প্রজেক্টের হাত ধরে বক্স অফিসে ফের কী নতুন ধামাকা নিয়ে আসেন আমির খান।