
আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি গান বেঁধেছিলেন। সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন। এ বার ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করে বিজেপি বিধায়কের রোষের মুখে সঙ্গীতশিল্পী অরিজিত্ সিং। অরিজিত্কে নিশানা করে বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের পোস্ট, জিয়াগঞ্জে অরিজিত্ ফিরলেই বিক্ষোভ দেখানো হবে।
অরিজিত্কে জিয়াগঞ্জে বিক্ষোভ দেখানোর ডাক
জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে লেখেন, 'অরিজিৎ সিং জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ দেখানো উচিত এবং ওকে বয়কট করা উচিত। ওখানে রাষ্ট্রবাদী মানুষের সংখ্যা কম।’ চিত্ত মুখোপাধ্যায়ের এহেন পোস্টে গায়কের বহু ফ্যান ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ কেউ বা আবার কুরুচিকর ভাষায় আক্রমণও করেন তাঁকে। পাল্টা দিয়েছেন বিধায়কও। তাঁর মন্তব্য, ‘যারা এতক্ষণ ধরে জঘন্য ভাষায় নিজ নিজ সংস্কার ও বংশ পরিচয় দিলেন, তাদের কোনও কথাই গ্রহণ করলাম না। কোনও ভারত বিরোধী ছাড়া ওই অসভ্যতামি কোনও ভদ্রলোক সমর্থন করতে পারে না।'
CJP-র প্রতিবাদে পাশে দাঁড়ান অরিজিত্
গত সোমবার সিজেপি-র নেতৃত্বে পড়ুয়াদের ‘সংসদ অভিযান’ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সেই ঘটনার একাধিক ভিডিও ও ছবি সামনে আসার পর দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিশিষ্টজনদের একাংশও পড়ুয়াদের প্রতি সমর্থন জানিয়েছেন। এই পরিস্থিতিতেই নিজের এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেন অরিজিৎ সিং। দিল্লি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি লেখেন, 'বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।' এরপর আরও ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, 'এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেদেরই ভগবান ভাবতে শুরু করেছেন? কী চলছে এসব!' ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে অরিজিৎ সিং সতর্ক করে দেন, 'সব মনে রাখা হবে, ভুলে যাবেন না পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।'
এক্স হ্যান্ডেলে কড়া জবাব
অরিজিৎকে উদ্দেশ্য করে এক ব্যক্তি লেখেন, 'বিষয়টা সিজেপি বা সরকার নয়। কিন্তু আমার আপনার প্রতি যত, যা শ্রদ্ধা ছিল সব হারিয়ে গেল। আর তার জন্য একাধিক কারণ দায়ী! কিন্তু আপনি তো বলেই দিয়েছিলেন আমার কোনও মতামতের গুরুত্ব নেই আপনার কাছে। ঠিক আছে। এতদিন একনিষ্ঠ ভক্ত থাকার ফল এটা। এখন আপনাকে মন থেকে ঘৃণা করি আমি।' পাল্টা অরিজিত্ সিংও ওই ইউজারকে লেখেন, 'কে আমায় সম্মান করল, আর কে নয়, সেটা নিয়ে আমি চিন্তিত নই। অন্যের মতামত নিয়েও আমি ভাবিত নই, কারণ প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আপনি আপনার ভক্ত বলে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতে আমি মোটেই বাধ্য নই। কিন্তু ব্যক্তি হিসেবে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথা হয়তো আপনাকে আঘাত দিয়েছে। কিন্তু আমি ভীষণই রেগে আছি। আমাকে স্বাধীন হওয়ার জন্য ক্ষমা করবেন। আপনি চাইলে আমার সমস্ত প্লেলিস্ট ডিলিট করে দিতে পারেন। আমার উপস্থিতি ভুলে যেতে পারেন। ভাল থাকুন।'