
মুক্তি পেল ইমরান হাশমির বহু প্রতীক্ষিত ছবি 'আওয়ারাপন ২'। দীর্ঘ প্রায় ১৯ বছর পর আবারও 'শিবম পণ্ডিত' চরিত্রে পর্দায় ইমরান। দর্শকাসনে উপচে পড়া ভিড়। মুক্তির আগে ছবির অগ্রিম বুকিংয়েই মিলছিল দারুণ সাড়া। বক্স অফিসের সেই ইঙ্গিত দেখে সিনেমাপ্রেমীরা মনে করছেন, ইমরানের কেরিয়ারে সবচেয়ে বড় 'সোলো হিট' হতে পারে 'আওয়ারাপন ২'। কিন্তু ছবি দেখে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া আমজনতা কী বলছেন? নেটপাড়ার কিছু প্রতিক্রিয়া দেখে নেওয়া যাক।
এক দর্শক লিখেছেন, 'আওয়ারাপন ২' দ্বিতীয়ার্ধের পর বেশ জমে ওঠে। থ্রিল, আকর্ষণীয় মোড় এবং জমাটি ক্লাইম্যাক্স। তবে প্রথমার্ধে গল্প খানিকটা শ্লথ মনে হয়। বিষয়বস্তু ভাল হলেও পর্দায় হয়তো পুরোপুরি ফুটিয়ে তোলা যায়নি। প্রথম আওয়ারাপনের সঙ্গে হয়তো শতভাগ বিচার করতে পারেনি এই ছবি। তবে ক্লাইম্যাক্সের জন্য অন্তত এটি একবার দেখাই যায়। নির্মাতারা শেষের অংশটিতে বেশ ভাল করেছেন'।
অন্য এক নেটিজেনের কথায়,'শুরুর প্রথম ২০ মিনিট এতটাই আকর্ষণীয় যে আপনি আবেগতাড়িত হবেন। শিবম পণ্ডিত, ইমরান হাশমির চরিত্রের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন'।
ছবিটিকে ৫-এর মধ্যে ৩.২৫ রেটিং দিয়ে এক সিনেমাপ্রেমী লিখেছেন,'কাল্ট প্রথম ছবির তুলনায় 'আওয়ারাপন ২' যোগ্য সিক্যুয়েল। ইমরান হাশমি নিজের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন। তবে দিশা পাটানিকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। গানগুলি গড়পড়তা হলেও ছবির আবহ সঙ্গীত দারুণ! খলনায়কের ভূমিকা নজর কাড়ে। ছবির গতি ভাল, কোথাও একঘেয়ে লাগে না। অ্যাকশন দৃশ্যগুলোও দারুণ। এক কথায়, সময় কাটানোর জন্য দারুণ গ্যাংস্টার সিনেমা'।
আর এক দর্শকের উচ্ছ্বসিত মন্তব্য,'পুরো বলিউড এক দিকে, আর ইমরান হাশমি এক দিকে! আজ আওয়ারাপন ২ দেখতে পিভিআরে গিয়েছিলাম। ছবিটা এতটাই অসাধারণ যে মাথার মধ্যে প্রতিটা দৃশ্য ঘুরে বেড়াচ্ছে। ইমরান আর দিশা পাটানির রসায়ন একদম অন্য মাত্রা ছুঁয়েছে। আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে ইমরানের মারকাটারি অ্যাকশন ছিল দেখার মতো। বিশেষ করে ছবির গল্প আর ক্লাইম্যাক্স আমার দারুণ লেগেছে। আগের আওয়ারাপনের সঙ্গে যোগও নিখুঁত'।
আর এক সিনেমাপ্রেমী লিখেছেন,'এই মাত্র আওয়ারাপন ২ দেখে বেরোলাম। ইমরান হাশমি আজও শিবমের যন্ত্রণা যেভাবে পর্দায় ফুটিয়ে তোলেন, তা অন্য কেউ পারবে না। ইনটেন্স পারফরম্যান্সে তিনি দর্শককে ধরে রাখেন। এ বার ছবির ক্যানভাস ও স্কেল অনেক বড়। অ্যাকশন দৃশ্যগুলো শক্তিশালী, সঙ্গে রয়েছে নিখাদ আবেগ। আর যখন ফির আও গানটি বাজবে, আপনার চোখ ভিজতে বাধ্য! পারফেক্ট না হলেও যত্ন করে বানানো দারুণ ছবি'।
জওয়ানি জানেমান ও রাম সিংহ চার্লি খ্যাত পরিচালক নিতিন কক্কর পরিচালনা করেছেন আওয়ারাপন ২। ছবিতে ইমরান ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি, সলিল আচার্য এবং বিজয়ন্ত কোহলি। মুক্তির আগেই বিশ্বজুড়ে ব্লক সিট-সহ অগ্রিম বুকিং থেকে প্রায় ১১.৩৬ কোটি টাকার টিকিট বিক্রি করেছে এই ছবি।