
জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো। 'বিগ বস হাউজ সব সময়ই বিতর্ক, ঝগড়া এবং অজানা গোপনীয়তার কারণে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে থাকা এই বাড়ির ভেতরে আসলে কী ঘটে, তা নিয়ে প্রায় সকলের মনেই প্রবল কৌতূহল থাকে। 'বিগ বস ওটিটি' (Bigg Boss OTT)-র প্রথম সিজনের বিজয়ী দিব্যা আগরওয়াল এই রিয়্যালিটি শো-র সঙ্গে জড়িত কিছু চমকপ্রদ ও আকর্ষণীয় গোপন তথ্য ফাঁস করেছেন।
সম্প্রতি এক পডকাস্টে দিব্যা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন—যার মধ্যে রয়েছে শো-ঘিরে নানা গুজব, হাউজের ভেতরে অ্যালকোহল ও সিগারেট খাওয়া নিয়ে নানা অজানা তথ্য এবং প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন। শো শেষ হওয়ার পর দর্শকরা প্রতিযোগীদের কাছে সচরাচর যেসব প্রশ্ন করেন, দিব্যা সেগুলোর খোলামেলা উত্তর দিয়েছেন।
কেচআপ ও কফির মতো জিনিসও বিলাসিতা
পডকাস্ট চলাকালীন দিব্যা হাউজের ভেতরে রেশন ও খাবার সংক্রান্ত কঠোর নিয়মকানুন নিয়ে আলোচনা করেন। তিনি জানান, বিগ বস হাউজে কফি বা টমেটো কেচআপের মতো সাধারণ জিনিসগুলোকেও বিলাসিতা হিসেবে দেখা হয় এবং প্রতিযোগীরা সহজে এগুলো পান না। তিনি মজার ছলে বলেন, যখন তিনি কেচআপ খুঁজে পেতেন না, তখন নিজেই কোনও ভাবে তা তৈরি করে নিতেন। তবে রেশন নিয়ে এত কড়াকড়ি থাকলেও, সিগারেটের ক্ষেত্রে নির্মাতারা বেশ উদার।
দিব্বার মতে, সিগারেট কোনও বিলাসবহুল পণ্য নয়; প্রতিযোগীরা নিয়মিতই তা পেয়ে থাকেন। এমনকি, খুব সকালে প্রতিযোগীদের কাছে জানতে চাওয়া হয় তারা কোন ব্র্যান্ডের সিগারেট চান এবং তাঁদের পছন্দ অনুযায়ী তা পৌঁছে দেওয়া হয়।
হাউজের ভেতরে কি সত্যিই অ্যালকোহল দেওয়া হয়?
শো থেকে বেরিয়ে আসার পর দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি জাগে—'উইকেন্ড কা ভার' (Weekend Ka Vaar) বা বিভিন্ন পার্টিতে প্রতিযোগীদের কি অ্যালকোহল দেওয়া হয়? দিব্যা এই গোপন বিষয়টিও পরিষ্কার করেছেন। তিনি জানান, মানুষ মনে করে ভেতরে অ্যালকোহল দেওয়া হয়, কিন্তু বাস্তবতা হল হাউজের ভেতরে কাউকে অ্যালকোহল দেওয়া হয় না। এটি নিছক একটি গুজব এবং শো থেকে বের হওয়ার পর মানুষ তাঁকে সবচেয়ে বেশি এই প্রশ্নটিই করেছেন।
বাথরুমের ভেতরে অনেক কিছুই ঘটে
আলাপচারিতার সময় যখন হাউজের ভেতরের গোপনীয়তা এবং প্রতিযোগীদের মধ্যকার সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে, তখন দিব্যা একটি চমকপ্রদ মন্তব্য করেন। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে, মানুষ কি জানতে চায় ভেতরে যৌন মিলনের মতো ঘটনা ঘটে কিনা। এর উত্তরে দিব্যা হেসে সম্মতি জানান এবং ইঙ্গিত দেন যে, যদিও ক্যামেরায় হয়তো তা দেখা যায় না, তবে ভেতরে অনেক কিছুই ঘটে। সঞ্চালক যোগ করেন, "অনেক কিছুই ঘটে, তবে তা শুধু বাথরুমেই।" দিব্যাও হেসে বলেন, মানুষ তাঁকে এমন অদ্ভুত সব প্রশ্ন করেন।