
বলিউডের অত্যন্ত পরিচিত অভিনেতা প্রদীপ রাওয়াত প্রয়াত। বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৫ বছর ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন তিনি।
প্রদীপ রাওয়াত শুধু সিনেমাতেই নন, ছোটপর্দাতেও দাপিয়ে অভিনয় করেছেন। বিআর চোপড়ার 'মহাভারত' সিরিয়ালে অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন প্রদীপ। এছাড়াও 'লগান', 'গজনী', 'সরফারোশ'-এর মতো ছবিতে প্রদীপ রাওয়াতের কাজ প্রশংসিত হয়।
ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠলেও ফের রোগ ফিরে আসে
প্রদীপ রাওয়াতের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর ব্যবসায়িক ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি। ইন্ডিয়া টুডে-কে তিনি জানান, কিছুদিন আগে ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠলেও কয়েক মাস আগে আবার রোগটি ফিরে আসে। গত কয়েক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন প্রদীপ রাওয়াত। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিদ্ধার্থ তিওয়ারির কথায়, মঙ্গলবার সন্ধ্যাতেই প্রয়াত হন প্রদীপ রাওয়াত। সম্ভবত আজ বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তবে এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যার আগে থেকেই অভিনেতার চিকিৎসা এবং শারীরিক অবস্থার অবনতির খবর প্রকাশ্যে এসেছিল। পরে তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বলিউড ছাড়াও নানা আঞ্চলিক ভাষার ছবিতেও অভিনয়
'লগান' ছবিতে প্রদীপ রাওয়াতের সহ-অভিনেতা যশপাল শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে শোকপ্রকাশ করে লেখেন, 'আমাদের 'গজনী', 'লগান'-এর দেবা প্রদীপ রাওয়াত আর নেই। তাঁর আত্মার শান্তি কামনা করি।' হিন্দি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিতে খলনায়ক এবং চরিত্রাভিনেতা হিসেবে প্রদীপ রাওয়াত বিশেষ পরিচিত ছিলেন। 'গজনী' ছবিতে ধর্মাত্মা এবং অস্কার-মনোনীত 'লগান'-এ দেবা সিং সোধি চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছিল।
'মহাভারত'-এ ডেবিউ হয়েছিল প্রদীপের
১৯৫২ সালের ২১ জানুয়ারি জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। তেলুগু, হিন্দি ও তামিল চলচ্চিত্রে তিনি মূলত অভিনয় করেছেন। খলনায়কের চরিত্রে তাঁর জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'মহাভারত'এ অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথমবার দর্শকদের নজরে আসেন। তেলুগু সিনেমায় তাঁর অভিষেক হয়েছিল 'সাই' ছবির মাধ্যমে। তামিল ছবি 'গজনী'-তে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন এবং পরে সেই চরিত্রেই হিন্দি রিমেকেও অভিনয় করেন।
এছাড়াও কন্নড় ছবি 'পারোদি', মালয়ালম ছবি 'চায়না টাউন', বাংলা ছবি 'হিরো 420' এবং ভোজপুরি ছবি 'ক্র্যাক ফাইটার'-এও অভিনয় করেছিলেন প্রদীপ রাওয়াত।