
শিরোনামে থাকেন মৌনী রায়। টেলিভিশন থেকে বলিউড, সর্বত্র নিজের ছাপ রাখা মৌনী, ফের চর্চায়। তবে এবার কারণটা তাঁর গ্ল্যামারাস লুক বা বিবাহবিচ্ছেদ নয়। পাপারাৎজিদের ওপর ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। মুম্বইয়ের বান্দ্রার একটি হোটেল থেকে বেরনোর সময় ক্যামেরার সামনে মৌনী এতটাই বিরক্ত হন যে, কড়া ভাবে সংবাদমাধ্যমকে ছবি বা ভিডিও তোলা বন্ধ করতে বলেন।
বন্ধু অনুশা দান্ডেকরের সঙ্গে ডিনার সেরে হোটেল থেকে বের হচ্ছিলেন মৌনী। হোটেলের বাইরে আগে থেকেই উপস্থিত পাপারাৎজিরা তাঁদের ছবি ও ভিডিও তুলছিলেন। ক্যামেরার ফ্ল্যাশ এবং ভিড় দেখে মৌনী অস্বস্তিবোধ করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, তিনি বারবার হাত নেড়ে বলছেন, "দয়া করে রেকর্ড করবেন না।" তা সত্ত্বেও তাঁকে লেন্সবন্দি করতে থাকেন পাপারাৎজিরা। অভিনেত্রীর চোখে- মুখে স্পষ্ট বিরক্তি।
মৌনীর এই ভিডিওটি এখন ভাইরাল। অনেক নেটিজেন তাঁর পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ বলছেন, 'যদি সত্যিই কোনও সমস্যা থাকে, তবে অন্য অনেক তারকার মতোই একবার স্পষ্টভাবে না বলে বিষয়টি মিটিয়ে ফেলা উচিত ছিল'। পাপারাৎজিদের সঙ্গে মৌনীর এমন ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছিল, যেখানে ক্যামেরার উপস্থিতিতে তিনি বেশ স্বাভাবিকই ছিলেন।
উদয়পুর থেকে ফেরার সময় মৌনী সংবাদমাধ্যমককে অনুরোধ করেছিলেন যেন তাঁর পরিবর্তে তাঁর পেছনে থাকা দিশা পাটানির ছবি ও ভিডিও তোলা হয়। তা সত্ত্বেও মৌনীর দিকেই সকলের নজর থাকে। মৌনী রায় বারবার বলেছেন যে, সাধারণ মানুষের মতোই তারকাদেরও ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা বজায় রাখার অধিকার রয়েছে। যদিও প্রায়শই তাঁকে পাপারাৎজিদের সঙ্গে হাসিখুশি মেজাজে দেখা যায়, তবুও ব্যক্তিগত সীমানা লঙ্ঘিত হচ্ছে বলে মনে হলে তিনি অকপটে নিজের অসন্তোষ প্রকাশ করেন।
সম্প্রতি ব্যক্তিগত জীবনের কারণেও মৌনী শিরোনামে উঠে এসেছেন। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। দম্পতি তাঁদের বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও, আইনিভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ এখনও হয়নি। এরপরই তিনি সমকামী বলে গুজব রটে। এমনকী, গুঞ্জন শোনা গিয়েছিল, দিশা পাটানির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এবং এর জেরেই নাকি বিয়ে ভেঙেছে তাঁর। যদিও এই গুঞ্জনকে মিথ্যে রটনা বলেই দাবি করেছেন নায়িকা।