
আবারও বোমা হামলার হুমকি মুম্বইয়ে। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’, বৃহন্মুম্বই পুরনিগমের সদর দফতরে মেয়রের কার্যালয়-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। তবে এবারের হুমকির তালিকায় নতুন সংযোজন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের আসন্ন মুম্বই কনসার্টের অনুষ্ঠানস্থল। শুক্রবার, ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে এই কনসার্ট হওয়ার কথা। অনুষ্ঠানটি হতে দেওয়া হলে টানা ৩০ দিন মুম্বইয়ে গ্রেনেড হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবারই এই হুমকি ইমেলটি পাঠানো হয়। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং BMC কমিশনার অশ্বিনী ভিড়েকে উদ্দেশ্য করে লেখা হয়েছে ইমেলটি। অমিতাভের বাংলো ‘জলসা’ এবং মেয়রের দফতর গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার বোমা হামলার হুমকি পেয়েছে। তবে এবার দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের পাশাপাশি মুম্বইয়ের মেট্রো রেল নেটওয়ার্কেও হামলার হুমকি দেওয়া হয়েছে।
হুমকি ইমেলে খলিস্তান প্রসঙ্গ এবং ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার উল্লেখ রয়েছে। সেখানে ‘বাব্বর খালসা (পারমার-কানাডা)’ এবং ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’র নামও উল্লেখ করা হয়েছে বলে খবর। দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ার জন্য মুম্বইকে টানা ৩০ দিন গ্রেনেড হামলার মুখে পড়তে হতে পারে বলে দাবি করেছে ইমেল প্রেরক।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের আরও একটি কনসার্ট হওয়ার কথা। সেই অনুষ্ঠানেও বিস্ফোরণের হুমকি দিয়ে মাত্র দু'দিন আগেই একটি ইমেল পাঠানো হয়েছিল। বেঙ্গালুরুর মাদাভারার NICE গ্রাউন্ডসে ওই অনুষ্ঠান হওয়ার কথা।
এদিকে, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার ১৮তম বর্ষপূর্তি। ঠিক সেই দিনেই ফের শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হামলার হুমকি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও হুমকির সত্যতা এখনও যাচাই করা হয়নি।
এর আগেও চলতি মাসে বোমা হামলার হুমকি পেয়েছিল মুম্বই। গত ১২ নভেম্বর একটি ইমেলে শহরের বিমানবন্দর, মেয়রের কার্যালয়, অমিতাভ বচ্চনের ‘জলসা’ এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। সেই ইমেলে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মহালক্ষ্মী স্টেডিয়ামের নামও উল্লেখ করা হয়েছিল। পরপর এমন হুমকির ঘটনায় মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।