
সমকামিতা নিয়ে মৌনতা ভাঙলেন অভিনেত্রী মৌনী রায়। সুরজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। দিশা ও মৌনীকে একত্রে ছুটি কাটাতে দেখা যায়। ঘনিষ্ঠভাবে ছবিও তুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার একাংশ দাবি করছিল, এটা নিছকই মেয়েলি বন্ধুত্ব। তবে কান পাতলে গুঞ্জন শোনা যায় দিশা-মৌনীর সমকামিতার সম্পর্কের।
সম্প্রতি মনিকা শর্মার ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে মৌনীকে বলিউডে নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজবটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে অভিনেত্রী বলেন, "ওহ, যে আমি সমকামী।"
তিনি বিচ্ছেদের পরের সময়টা নিয়েও স্মৃতিচারণ করে বলেন, সৌভাগ্যক্রমে তাঁর চারপাশে অনেকে মন থেকে পাশে ছিলেন, সঙ্গে ছিলেন। অভিনেত্রী বলেন, "আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। আমার এমন বন্ধু ও পরিবার সবসময় ছিল, যারা পাথরের মতো আমার পাশে দাঁড়িয়েছে।"
মৌনী আরও বলেন, কঠিন সময়ে তাঁকে সাহায্য করার ক্ষেত্রে তাঁর বান্ধবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। "আমাকে সমর্থন করার জন্য আমার সবসময় অসাধারণ বান্ধবীরা ছিল। আমার ভালো, মন্দ এবং দুঃসময়ে তারা সবসময় পাশে থেকেছে। জীবনে এমন নারী থাকা খুব জরুরি — যারা উৎসাহিত করে। আমার বান্ধবীরাই সেরা," বলেন ৪০ বছর বয়সী সেই অভিনেত্রী।
চার বছর পরিচয়ের পর ২০২২ সালে সুরজকে বিয়ে করেন মৌনী। ২০২৬ সালে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। মৌনী ও সুরজ উভয়েই বিবৃতি না দিলেও, এই বিচ্ছেদ নিয়ে অনলাইনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।
মৌনীর ইনস্টাগ্রাম স্টোরির একটি সিরিজ শেয়ার করেন। দিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর একটি ক্যাপশনে লেখা, "শুভ জন্মদিন আমার ডি। তুমি সেই বিরল মানুষদের একজন, যারা যেখানেই যায় সেখানেই জাদু ছড়িয়ে দেয়। জীবন যেন তোমাকে সবচেয়ে সুন্দরভাবে চমকে দেয়, তোমার হৃদয় যেন এমনই বিস্ময়ে পূর্ণ থাকে, আর এই মহাবিশ্ব যেন তোমার অনুকূলে কাজ করে চলে।"
মৌনী প্রায়শই জনসমক্ষে দিশা সহ তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করেন। অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তাঁর বন্ধুত্ব প্রায়শই সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁদের দু'জনকে প্রায়ই একে অপরের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যায়।