
বক্স অফিসে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে রামায়ণ। মুক্তির নবম দিনেই নতুন রেকর্ড গড়ল রণবীর কাপুর অভিনীত রামায়ণ: রাইজ অব লেজেন্ড। ভিকি কৌশলের 'ছাবা'-র লাইফটাইম ইন্ডিয়ার নেট কালেকশনকে পিছনে ফেলে দিল এই ছবি।
আসলে নবম দিনে ভারতে ৪৭.৮৫ কোটি টাকা নেট ব্যবসা করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিটি। ফলে ভারতে ছবির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৬১২.৪৫ কোটি টাকা।
যদিও শুধু দেশের বক্স অফিসেই নয়, বিশ্বজুড়েও দুরন্ত ব্যবসা করছে রামায়ণ। মুক্তির প্রথম আট দিনে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল ছবিটি। এবার বিশ্বজুড়ে ছবির মোট আয় ১১০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এর আগে শাহরুখ খানের 'পাঠান' এবং রণবীর কাপুরের 'অ্যানিমল'-এর লাইফটাইম ইন্ডিয়া কালেকশনকেও ছাপিয়ে গিয়েছিল এই ছবি।
বক্স অফিসের পরিসংখ্যান দেওয়া সংস্থা Sacnilk-এর তথ্য অনুযায়ী, নবম দিনে দেশের ২২,৯৯৩টি শো চলে ফিল্মটির। সেখান থেকে ৪৭.৮৫ কোটি টাকা নেট আয় করেছে রামায়ণ। এর মধ্যে হিন্দি ভাষা থেকেই এসেছে ৩৬.২৫ কোটি টাকা। হিন্দিতে মোট ১৮,৩৭৭টি শো হয়েছিল। এছাড়া মালয়ালম ভাষা থেকে ৩.২৫ কোটি, কন্নড় থেকে ৩ কোটি, তামিল থেকে ২.৭৫ কোটি এবং তেলুগু ভাষা থেকে ২.৬০ কোটি টাকা আয় হয়েছে।
এখনও পর্যন্ত ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন ৭৩২.২০ কোটি টাকা। অন্যদিকে নেট কালেকশন ৬১২.৪৫ কোটি টাকা। এর ফলে ২০২৫ সালের অন্যতম বড় বক্স অফিস হিট ভিকি কৌশলের 'ছাবা'-র ৬০১.৫৭ কোটি টাকার লাইফটাইম ইন্ডিয়া নেট কালেকশনকে ছাপিয়ে গিয়েছে ছবিটি।
এর আগেই 'পাঠান'-এর ৫৪৪.২৮ কোটি টাকা এবং 'অ্যানিমল'-এর ৫৫৬.৩৬ কোটি টাকার লাইফটাইম ইন্ডিয়া কালেকশনকে পিছনে ফেলেছিল 'রামায়ণ'।
বিদেশের বাজারেও ছবির ব্যবসা অব্যাহত। নবম দিনে বিদেশ থেকে ২৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। ফলে বিদেশে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭৮.৫০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির মোট গ্রস আয় ১,১১০.৭০ কোটি টাকা। নবম দিনে ২২,৯৪৮টি শো থেকে গড়ে প্রতি শো-তে ২০,৮৫১ টাকা আয় করেছে ছবিটি।
ভারতে কোন দিন কত আয় করে রামায়ণ?