
নিট প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। এবার শিক্ষার্থীদের বাড়ি ফেরার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে সোনম ওয়াংচুককেও অনশন ভাঙার অনুরোধও করেছেন। এদিকে, গোটা বিষয়টি নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তাঁর বার্তা, ছাত্ররা হতাশ। কারণ তাঁরা মনে করছেন, পরিশ্রমের পুরস্কার পাননি।
নেটমাধ্যমে সচিনের বার্তা,'আমার বাবা অধ্যাপক ছিলেন। জীবনের শুরুতেই তিনি আমাকে শিখিয়েছিলেন,ব্যর্থতা স্বাভাবিক, কিন্তু অসদুপায় অবলম্বন করা অন্যায়। কখনও শর্টকাট নয়। আজকের তরুণ পড়ুয়ারা মনে করছেন, তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। হতাশায় ভুগছেন তাঁরা। তাঁদের এই ক্ষোভ অত্যন্ত স্বাভাবিক। আমাদের সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে কোনও শিক্ষার্থীকে আর এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়'।
তিনি যোগ করেছেন,'ভারতের যুবসমাজ স্বপ্ন ও প্রাণশক্তিতে ভরপুর। দেশের সাফল্যের মূল চালিকাশক্তি তাঁরাই। সমাজ হিসেবে পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক, আমাদের প্রত্যেকেরই বিশাল দায়িত্ব রয়েছে। যুবসমাজ যাতে সর্বদা উদ্যমী এবং উৎসাহিত থাকে, তা সুনিশ্চিত করতে সকলকেই নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। আমাদের এমন এক সমাজ ও পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে, সততাকে উৎসাহিত করা এবং যোগ্যতাই হবে মাপকাঠি'।
সচিনের অভিমত,'আমার দৃঢ় বিশ্বাস, আমরা সকলেই এমন স্থায়ী সমাধানের পথ খুঁজে পাব যা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুদৃঢ় করবে এবং তাঁদের স্বপ্নগুলিকে সুরক্ষিত রাখবে।
এ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা মনে করিয়ে সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছেন সলমন খান। এর আগে এই ইস্যুতে মুখ খুলেছিলেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন,'শিক্ষা হোক বা সুরক্ষা, পড়ুয়াই এ দেশের প্রধান অগ্রাধিকার। শিক্ষার্থীদের এ বার আর অযথা চিন্তা করার বা নিজেদের বাবা-মাকে উদ্বেগে রাখার দরকার নেই'। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিবৃতির কথা তুলে ধরে সলমন আশ্বস্ত করেছেন, এই ঘটনার পিছনে থাকা দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে।
সলমনের কথায়,'এখন তো খোদ প্রধানমন্ত্রীও এ বিষয়ে টুইট করেছেন। আমার পূর্ণ বিশ্বাস যে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দয়া করে এ বার তোমরা নিজেদের বাড়ি এবং বাবা-মায়ের কাছে ফিরে যাও'।
ওই পোস্টে সোনম ওয়াংচুকের উদ্দেশে রসিকতার সুরে সলমন লেখেন,'সোনম ভাই অনেক হয়েছে, এটাকে আর টেনে নিয়ে যাবেন না। ভবিষ্যতে প্রয়োজন পড়লে ফের লড়াই করুন। কিন্তু এখন তো অন্তত কিছু খেয়ে নিন। চাইলে আমি আমার বাড়ি থেকেই খাবার পাঠাচ্ছি'।
মাত্র এক দিনের ব্যবধানে অভিনেতার সুর কী ভাবে রাতারাতি বদলে গেল এবং কেন তিনি আন্দোলন বন্ধের কথা বলছেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষার্থীদের একাংশের মতে, অভিনেতার এই আর্জি পড়ুয়াদের স্বার্থে যতটা না, তার চেয়ে অনেক বেশি সরকারের হাত শক্ত করার চেষ্টা!