
বাংলার ছোট্ট সমুদ্র সৈকতের কথা জানেন খোদ বলিউড সেলেব সানি লিওন। শুধু জানা নয়, মন্দারমনিতে এসে কি চুপিসারে সময় কাটিয়ে গিয়েছেন নায়িকা? তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে জোর জল্পনা।
আসলে শনিবার রাতে সানি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি সমুদ্র সৈকতের সামনে পোজ দিয়ে দাঁড়ানো ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁর পরনে রয়েছে সবুজ কো-অর্ড হট প্যান্ট ও শার্ট। সঙ্গে হালকা সবুজ শেডের স্পোর্টস ব্রা। এত পর্যন্ত ঠিকই রয়েছে, কিন্তু যত আলোচনার কেন্দ্রবিন্দু এই ছবির ক্যাপশন। ছবিতে ক্যাপশনে সানি লেখেন, "মলদ্বীপ নাকি মন্দারমনি?"
আর এই ছোট্ট ক্যাপশন নেট দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, তবে কি সত্যিই মন্দারমনিতে এসেছেন সানি লিওনি? কেউ আবার জানিয়েছেন, সানি লিওন যে মন্দারমনির নাম জানেন এই বিষয়টিই অনেক। কিছু নেটিজেন আবার 'দুষ্টু' কমেন্ট করতেও পিছপা হননি। একজন লিখেছেন, "চাউলখোলাতে নামো বৌদি ...যাচ্ছি।"
যদিও সত্যিই সানি লিওন মন্দারমনিতে এসেছেন কিনা তা নিয়ে কোনও তথ্যই এখনও সামনে আসেনি। নায়িকা নিজেও আর কোনও খবর এই বিষয়ে প্রকাশ্যে আনেননি। তবে ছবিতে ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের ও বিচের রঙ দেখে অনেকেই বলছেন, এটা আর যাই হোক মলদ্বীপ তো হতেই পারে না। বরং যেন কিছুটা মিল রয়েছে বাঙালির মন্দারমনির সঙ্গেই। তবে কি সত্যিই মন্দারমনিতে এসে চুপিসারে ঘুরে গেলেন সানি লিওন? বাংলার সমুদ্র সৈকতে কোনও শুটিং নাকি ব্যক্তিগত ঘোরার উদ্দেশেই বাংলার সমুদ্র সৈকতে ঘুরে গেলেন বলিউড সেলেব?
তবে সানি লিওন যে মন্দারমনিতে আসতে পারেনই না, একথা জোর দিয়ে বলা যায় না। এর আগে বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন কিংবা আমন্ত্রণে একাধিক বার রাজ্যে এসেছেন বলিউড তারকা। হতে পারে তেমনই কোনও অনুষ্ঠানের জন্য এবারেও বাংলায় এসে সমুদ্র সৈকত ঘুরে গিয়েছেন সানি লিওন।