Advertisement

Ramayana Part 2 Release: কবে মুক্তি পাবে রামায়ণ পার্ট ২, এটা কি ট্রিলজি হবে? জেনে নিন

রামায়ণ পার্ট ১ রিলিজ করেছে। এরপরই অনেকে জানতে চাইছেন, কবে এই ছবির সেকেন্ড পার্ট বেরবে? এটা কি ট্রিলজি হবে? সবটা জেনে নিন।

রামায়ণ পার্ট ২ কবে রিলিজ হবে? (ছবি: মুভি স্টিল)রামায়ণ পার্ট ২ কবে রিলিজ হবে? (ছবি: মুভি স্টিল)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2026,
  • अपडेटेड 11:51 AM IST
  • রামায়ণ পার্ট ১ রিলিজ করেছে
  • এরপরই অনেকে জানতে চাইছেন কবে এই ছবির সেকেন্ড পার্ট বেরবে?
  • এটা কি ট্রিলজি হবে?

সবে মুক্তি পেয়েছে রামায়ণ পার্ট ১। দর্শকরা এই ছবি দেখে দুর্দান্ত প্রতিক্রিয়া দিচ্ছেন। এমনকী সমালোচকরাও দরাজ সার্টিফিকেট দিচ্ছেন এই ফিল্মকে। আর এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, তাহলে ঠিক কবে রিলিজ হবে রামায়ণ পার্ট ২? এটা কি ট্রিলজি হতে চলেছে? যদিও এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না ছবির প্রযোজক নমিত মালহোত্রা।

আসলে নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই মহাকাব্যিক ছবিটি প্রথমে দুটি পর্বে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে প্রথম পর্ব দর্শকদের কেমন সাড়া ফেলে, তার উপর নির্ভর করেই ভবিষ্যতে ছবির পর্বের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

কবে রিলিজ হবে রামায়ণ ২?
ছবির দ্বিতীয় পর্বের মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ সালে এটা রিলিজ করবে না। বরং ২০২৮ সালের দীপাবলিতে সিনেমা হলে আসবে 'রামায়ণ: পার্ট ২'। এমনটাই জানান হয়েছে। ইতিমধ্যেই যাঁরা সিনেমা হলে ছবির প্রথম পার্ট দেখেছেন, তাঁরা এন্ড ক্রেডিট থেকেই জানতে পেরেছেন যে দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৮ সালে।

প্রথম ছবির মুক্তির আগে এক সাক্ষাৎকারে নমিত মালহোত্রা বলেন, 'আমরা দেখেছি, এই ছবিকে ঘিরে সারা বিশ্বে কতটা উৎসাহ তৈরি হয়েছে। তাই দ্বিতীয় পর্বের গ্র্যান্ড ফিনালে দর্শকদের সামনে তুলে ধরার আগে আমরা আরও কিছুটা সময় নিতে চাই। প্রথম পর্বের ক্ষেত্রে যেভাবে কাজ করেছি, দ্বিতীয় পর্বের জন্যও তেমনভাবেই আরও বেশি সময় দিতে চাই।'

তাঁর কথায়, 'আমার সত্যিই মনে হয়, এই মাপের একটি ছবিকে যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে আমাদের অতিরিক্ত এক বছর প্রয়োজন। দ্বিতীয় পর্ব যখন দর্শকদের সামনে আসবে, তখন সেটি হবে সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা। আমরা তাড়াহুড়ো করে কাজ করতে চাই না। ছবির শেষ পর্বকে যতটা বড় ও মহাকাব্যিকভাবে তুলে ধরা উচিত, ঠিক সেভাবেই দর্শকদের সামনে আনতে চাই।'

নমিত মালহোত্রা জানান, রামায়ণকে তিনটি ভাগে ভাগ করার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

প্রযোজক আরও জানিয়েছেন, প্রথম ছবির ইতিমধ্যেই দুটি আলাদা ভার্সন তৈরি করা হয়েছে। ইংরেজি ভাষার দর্শকদের জন্য বিশেষভাবে একটি সংস্করণ তৈরি করা হয়েছে। যেখানে গল্প বলার ধরনেও কিছু বদল আনা হয়েছে।

তবে দ্বিতীয় পর্বের ক্ষেত্রে আলাদা ভার্সন তৈরি করতে চান না নির্মাতারা। পরিচালক নীতেশ তিওয়ারিও একটি সংস্করণেই ছবিটি রিলিজ করার পক্ষপাতী। যদিও বিভিন্ন দেশের দর্শকদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ: পার্ট ১' ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়লম, এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।

ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর অভিনয় করেছেন। দেবী সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, ভগবান হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন।

 

Read more!
Advertisement
Advertisement