
ডিজিটাল বিনোদনের দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করল ইন্ডিয়া টুডে গ্রুপ। শুক্রবার মুম্বইয়ে আয়োজিত India Today Conclave 2026-এর মঞ্চ থেকে প্রকাশ করা হল প্রথম শর্ট-ফর্ম সিরিজ 'রঘুপতি রাঘব রাজা রাম'-এর (RRRR) টিজার। 'Life Tak' প্ল্যাটফর্মের জন্য তৈরি এই সিরিজটি মোবাইল-ফার্স্ট মাইক্রোড্রামা ঘরানার প্রথম প্রয়াস। সিরিজটির আনুষ্ঠানিক টিজার প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ অরুণ পুরী।
নতুন আঙ্গিকে রামায়ণের কাহিনি
'রঘুপতি রাঘব রাজা রাম' সিরিজে রামায়ণের কালজয়ী কাহিনিকে আধুনিক দর্শকদের উপযোগী করে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। দ্রুত গতির, রোমাঞ্চকর এবং আবেগে ভরপুর ভার্টিক্যাল ভিডিও ফরম্যাটে তৈরি হয়েছে এই সিরিজ। বিশেষত ডিজিটাল প্ল্যাটফর্মে যাঁরা নিয়মিত কন্টেন্ট দেখেন, তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত এই কাহিনিকে আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের প্রযোজনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে। অল্প সময়ের মধ্যে আকর্ষণীয় গল্প বলার পাশাপাশি মোবাইলে সহজে দেখার উপযোগী অভিজ্ঞতা দেওয়াই এই সিরিজের অন্যতম লক্ষ্য।
AI প্রযুক্তির ব্যবহার
ইন্ডিয়া টুডে গোষ্ঠীর নতুন সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর পরিকাঠামোয় তৈরি হতে চলা একাধিক সিরিজ়ের মধ্যে প্রথম 'রঘুপতি রাঘব রাজা রাম'। এতে রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভিজ্যুয়াল ইঞ্জিনিয়ারিং, চিত্রনাট্য তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং সৃজনশীল জগৎ নির্মাণের প্রযুক্তি। এই প্রযুক্তিগুলির সাহায্যে ঐতিহ্যবাহী এবং নতুন গল্পকে আধুনিক দর্শকদের উপযোগী করে নতুন ফরম্যাটে তুলে ধরা হবে। প্রযুক্তির আধুনিক ব্যবহার এবং সৃজনশীল গল্প বলার ধরনকে একত্রিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
১৮ অক্টোবর মুক্তি
আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে 'রঘুপতি রাঘব রাজা রাম'। সিরিজের পর্বগুলি দেখা যাবে 'Life Tak'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। ইনস্টাগ্রাম (@lifetak), ইউটিউব ও ফেসবুকে Life Tak-এর চ্যানেলগুলির পাশাপাশি আজতক অ্যাপেও পাওয়া যাবে এই সিরিজ। Life Tak-এর মাধ্যমে প্রিমিয়াম ডিজিটাল কাহিনি এবং ইনফোটেনমেন্টের জগতে পা রাখল ইন্ডিয়া টুডে গোষ্ঠী। এই প্ল্যাটফর্মে সিনেমার উন্নত মানের প্রযোজনায় ভার্টিকাল ভিডিয়ো ফরম্যাটে নানা গল্প তুলে ধরা হবে।
ডিজিটাল মাধ্যমে নতুন ধরনের কনটেন্ট তৈরির পরীক্ষা-নিরীক্ষা চালানো এবং মোবাইলে স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো দেখতে অভ্যস্ত দর্শকদের কাছে পৌঁছনোর জন্য এটা ইন্ডিয়া টুডে গ্রুপের অভিনব উদ্যোগ।