
টলিপাড়ায় বড় চমক। এবার দেখা যাবে নতুন জুটি। প্রথমবার জুটি বাঁধছেন সৌমিতৃষা কুণ্ডু ও অভিষেক বসু। তবে ছোট কিংবা বড়পর্দা নয়, এ বার হইচই-তে 'টিভি-প্লাস শো'-র 'আতঙ্ক'-তে দেখা যাবে নতুন এই জুটিকে। খবর চাউর হওয়ার পরেই, দুই অভিনেতার অনুগামীদের দারুণ উচ্ছ্বাস নেটমাধ্যমে।
তবে একসঙ্গে সব পর্ব আসবে না। এই নতুন কাজ হইচই-য়ে আসবে প্রতি বুধবার। প্রতি সপ্তাহে ছটি করে পর্ব দেখা যাবে। প্রথম ৬ পর্ব মুক্তি পাবে আগামী ২৪ জুন। সৌমিতৃষা, অভিষেক ছাড়াও অভিনয় করেছেন সুব্রত দত্ত, শাঁওলি চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, দিয়া চক্রবর্তী, মোনালিসা চট্টোপাধ্যায়, অবন্তী দত্ত, কৌশিকী গুহর মতো অভিনেতারা। সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিষেক।
এই সিরিজের গল্প আবর্তিত হবে শৈশবের এক গভীর আতঙ্ক এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে। ছোটবেলার কোনও আতঙ্ক বড় বয়সে এসেও কতটা তাড়া করে বেড়াতে পারে, সেই দিকটিই ফুটে উঠবে এই গল্পে। 'আতঙ্ক'-তে পূর্বা চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। অন্যদিকে অভিষেকের চরিত্রের নাম অরিন্দম।ছোটবেলায় বাবাকে হারানোর পরই পূর্বার জীবন ভরে উঠেছিল নির্যাতন ও আতঙ্কে। অতীতের ক্ষত তার মনে তাজা। নতুন পরিবার হোক বা ভালোবাসা, সে বিশ্বাস রাখতে পারে না। অরিন্দমের সঙ্গে পরিচয়ের পরে পূর্বার জীবন ধীরে ধীরে বদলাতে শুধু করে। ফের ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করে সে।
অরিন্দম- পূর্বার বিয়ের পর তাদের দাম্পত্য যখন নতুন ভাবে এগোতে থাকে, ঠিক তখনই সব কিছু ভেঙে পড়ে। একে একে সবাই পূর্বার বিরুদ্ধে যেতে থাকে। অরিন্দম পড়ে দ্বন্দ্বে। নিজের পরিবার নাকি স্ত্রীর পাশে দাঁড়াবে সে? তাদের জীবন কোন দিকে মোড় নেয়, সেই প্রশ্নের উত্তর মিলবে তাড়াতাড়ি।
বাংলা সিনে দুনিয়ার অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ সৌমিতৃষা।অভিনয় শুধু করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি।নজরে আসতে শুরু করেন 'কনে বৌ'-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে 'মিঠাই'-র মাধ্যমেই তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। 'মিঠাই' শেষ হওয়ার পরই বড় পর্দায় ডেবিউ সৌমিতৃষার। 'প্রধান'-এ দেবের স্ত্রী রোমির চরিত্রে তাঁকে দেখা যায়। এরপর '১০-ই জুন' ছবিতে সৌরভ দাসের বিপরীতে কাজ করেন তিনি। যদিও পরে নির্মাতাদের সঙ্গে তাঁর সমস্যা হয় এবং এই ছবিটি মুক্তি পায়নি এখনও। এছাড়াও 'কালরাত্রি' ওয়েব সিরিজের মাধ্যমে আরও একবার সকলের মন জয় করেছেন নায়িকা।
অন্যদিকে, অভিষেক বসুও টলিপাড়ার খুব চেনা মুখ। 'গঙ্গারাম', 'ফুলকি'-র মতো মেগাতে মুখ্য চরিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি 'একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও' সিরিজে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সৌমিতৃষার সঙ্গে অভিষেকের জুটি দর্শক কতটা পছন্দ করে, সেটাই কখন দেখার।