
চলতি বছরের মে মাস থেকে বঙ্গে উড়েছে গেরুয়া পতাকা। রাজ্যে পালা বদলের পর দুর্গাপুজোর মতোই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও প্রথম। বিজেপি সরকারের আমলে এই উৎসব ঘিরে নানান পরিকল্পনা নিয়ে একাধিক বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিজয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গে কথা বলেছিলেন। তখনই জানিয়েছিলেন আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর, রবিবার নন্দনে উন্মোচিত হল KIFF-এর নতুন লোগো। নীল রং বদলে লোগোয় রং লেগেছে গেরুয়া। এখন থেকে গেরুয়া রঙের লোগোই দেখা যাবে কলকাতা চলচ্চিত্র উৎসবে।
তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী এই নতুন লোগোর উদ্বোধন করেন। এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, হিরণ চট্টোপাধ্য়ায়, পাপিয়া অধিকারী, মিঠুন চক্রবর্তী, জিৎ, রুদ্রনীল ঘোষ, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেরা। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো ডিজাইন করছেন সত্যজিৎ রায়ের পুত্র তথা পরিচালক সন্দীপ রায়।
প্রতি বছরই দেশ-বিদেশের নানা ভাষার ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন থাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ বার রাজনৈতিক পালাবদলের পরে নতুন সরকারের আমলে আয়োজিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। ফলে এবারের KIFF ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে চলচ্চিত্র মহলে। ভিক্টোরিয়ায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। সিনে উৎসবের থিম সংয়ের নেপথ্যে রাতুল বন্দ্যোপাধ্যায়। সঞ্চালকের আসনে অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত থেকে ‘বাহুবলী’ প্রভাস, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার, কঙ্গনা রানাওয়াত, অনুরাগ বসু, মধুর ভান্ডারকর। তালিকায় একজন সম্ভাব্য হলিউড অভিনেত্রীর নামও রয়েছে। কিন্তু, তাঁর উপস্থিতি চূড়ান্ত না হওয়ার কারণে এখনই নাম প্রকাশ্যে আনা হয়নি।
রবিবারের সাংবাদিক সম্মেলনে উৎসবের লোগো প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো প্রস্তুতির পর্ব। লোগোর রং পরিবর্তন থেকে একাধিক বিষয়ে বদল আনা হয়েছে। কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা যে রয়েছে, তা বলাই বাহুল্য।