
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাংলার জয় জয়কার। সেরা বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল পরিচালক অঞ্জন দত্তের 'চালচিত্র এখন'। এখানেই শেষ নয়, সেরা শিশুশিল্পী (যুগ্ম) হিসাবে পুরস্কার জিতল 'অঙ্ক কী কঠিন' ছবির ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বাংলা সিনেমার ঝুলিতে জাতীয় পুরস্কারের এই সম্মান ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করে তুললো।
মঙ্গলবার গুজরাতের কেভাডিয়ার একতা নগরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন 'চালচিত্র এখন' ছবির পরিচালক অঞ্জন দত্ত ও ছেলে নীল। এছাড়াও সৌরভ পালোধির ছবি 'অঙ্ক কী কঠিন' ছবির তিন খুদে ঋদ্ধিমান, তপোময় ও গীতশ্রীও রাষ্ট্রপতির থেকে সেরা শিশুশিল্পী (যুগ্ম) হিসাবে পুরস্কার নেয়। স্বাভাবিকভাবেই বাংলা ইন্ডাস্ট্রির সম্মান ও সমৃদ্ধি আরও কয়েকগুণ যে বাড়ল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এই বছর প্রধান বিজয়ীদের মধ্যে রয়েছেন ইয়ামি গৌতম, যিনি আর্টিকেল ৩৭০ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন। অন্যদিকে মাম্মুট্টি (ব্রহ্মযুগম) এবং কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন) যৌথভাবে সেরা অভিনেতার সম্মান পেলেন। 'আর্টিকেল ৩৭০' শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে, অন্যদিকে 'আমারান'-এর জন্য রাজকুমার পেরিয়াসামি শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন। 'স্বতন্ত্র বীর সাভারকর-এর জন্য রণদীপ হুডা শ্রেষ্ঠ ডেবিউ পরিচালকের পুরস্কার জিতলেন। অপরদিকে, 'সিম্বল অফ ইউনিটি' ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন আনন্দ এল রাই। সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য জোশী বেনেডিক্টকে সম্মানিত করা হয়। প্রযোজক জোশী বেনেডিক্ট 'টাচড অ্যাজ ওয়াটার' নামক সেরা অ্যানিমেটেড নির্বাক চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পান।
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফিচার ফিল্ম বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে অমরন, পুষ্পা ২, আর্টিকেল ৩৭০, ব্রহ্মযুগম এবং কল্কি ২৮৯৮ এডি-র মতো ছবি। ফিচার ফিল্ম বিভাগের পাশাপাশি বিভিন্ন কারিগরি ও সঙ্গীত বিভাগেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক শিল্পী ও কলাকুশলী সম্মানিত হয়েছেন।
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান হচ্ছে গুজরাতের কেভাডিয়ার একতা নগরে। এই প্রথম দিল্লির বাইরে আয়োজিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে এই পুরস্কার অনুষ্ঠান আয়োজন করার যে পরিকল্পনা নিয়েছে কেন্দ্র, তারই অংশ হিসেবে এবার গুজরাতকে বেছে নেওয়া হয়েছে। এই বছরের অনুষ্ঠান দিয়েই সেই উদ্যোগের সূচনা হল।