Advertisement

GTA 6 Aaj shanibar Song: GTA 6 গেমে 'আজ শনিবার' গান VIRAL, রূপা বিশ্বাসের সেই পুরনো অ্যালবাম ট্রেন্ডিং, কে তিনি?

তৈরি হয় Disco Jazz। ডিস্কো, জ্যাজ এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিশেলে তৈরি হয়েছিল অ্যালবামটি। ক্যালগেরিতে রেকর্ড করা সেই অ্যালবামে রূপার কণ্ঠের সঙ্গে ব্যবহার করা হয়েছিল সরোদ, তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্রও। বর্তমানে যাকে ফিউশন মিউজিক বলা হয়। অ্যালবামের অন্যতম আকর্ষণ ছিল বাংলা গান ‘আজ শনিবার’।

GTA 6-এ ফিরল রূপা বিশ্বাসের গাওয়া 'আজ শনিবার' গানটিGTA 6-এ ফিরল রূপা বিশ্বাসের গাওয়া 'আজ শনিবার' গানটি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 9:50 AM IST
  • মালদা থেকে কানাডা, কীভাবে শুরু রূপা বিশ্বাসের জার্নি?
  • ডিস্কোর জোয়ারেও সাফল্য আসেনি রূপার
  • কীভাবে  ফিরে এল GTA 6-এ ‘আজ শনিবার’?

সেই ৪৪ বছর আগে একটি বাংলা ডিস্কো গান গেয়েছিলেন রূপা বিশ্বাস। আজ GTA6 (Grand Theft Auto 6)-এর দৌলতে সেই ডিস্কো গান শুনছে বিশ্ববাসী। ১৯৮২ সালে  Disco Jazz নামে একটি অ্যালবাম বের করেছিলেন সঙ্গীতশিল্পী রূপা বিশ্বাস। একটি গান ভীষণ জনপ্রিয় হয়েছিল, তা হল, 'আজ শনিবার'। GTA 6-এর ওয়ার্ল্ডওয়াইড FM রেডিও স্টেশনে এখন বাজছে সেই গান। Gen Z থেকে আলফা, ১৯৮২ সালের আজ শনিবার' গানটি ফের ট্রেন্ডিং।

GTA-তে এর আগে ভারতীয় মিউজিক ব্যবহার করা হয়েছে। ২০০৫ সালে GTA: Liberty City Stories গেমে আশা ভোঁসলের ‘দম মারো দম’, আনন্দ শঙ্করের ‘রঘুপতি’ এবং বিজয়া আনন্দের ‘নীভে নান্না’ জায়গা পেয়েছিল। এ বার বিশ্ব শুনছে ৪৪ বছর আগের 'আজ শনিবার' বাংলা ডিস্কো।

মালদা থেকে কানাডা, কীভাবে শুরু রূপা বিশ্বাসের জার্নি?

১৯৫৫ সালে পশ্চিমবঙ্গের মালদায় জন্ম রূপা বিশ্বাসের। তাঁর আসল নাম শুক্লা বিশ্বাস। ছোট থেকেই গানের প্রতি আগ্রহ ছিল। পেশাদার গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে একসময় অল ইন্ডিয়া রেডিওতেও গান গেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সেভাবে এগোতে পারেননি। ১৯৮১ সালে পরিবারের সঙ্গে কানাডায় চলে যান রূপা। কানাডার ক্যালগেরিতে থাকতেন তাঁর দাদা। তাঁরই উদ্যোগে একদিন কয়েকজন বন্ধুর সামনে গান গাওয়ার সুযোগ পান রূপা। সেই অনুষ্ঠানই কার্যত বদলে দেয় তাঁর কেরিয়ারের গতিপথ। তিন ঘণ্টার অনুষ্ঠানে প্রায় ২৮-২৯টি গান গেয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন সরোদশিল্পী আশিস খান এবং তাঁর ভাই প্রণেশ খান। রূপার গান শুনে মুগ্ধ হয়ে তাঁরা একটি অ্যালবাম রেকর্ড করার প্রস্তাব দেন।

সেই উদ্যোগেই তৈরি হয় Disco Jazz। ডিস্কো, জ্যাজ এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিশেলে তৈরি হয়েছিল অ্যালবামটি। ক্যালগেরিতে রেকর্ড করা সেই অ্যালবামে রূপার কণ্ঠের সঙ্গে ব্যবহার করা হয়েছিল সরোদ, তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্রও। বর্তমানে যাকে ফিউশন মিউজিক বলা হয়। অ্যালবামের অন্যতম আকর্ষণ ছিল বাংলা গান ‘আজ শনিবার’। অদ্ভুত ছন্দ, ডিস্কোর সুর এবং ভারতীয় সঙ্গীতের মিশেল গানটিকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছিল।

Advertisement

ডিস্কোর জোয়ারেও সাফল্য আসেনি রূপার

আশির দশকের গোড়ায় ভারতজুড়ে তখন ডিস্কো গানের রমরমা। নাজিয়া হাসানের ‘আপ জ্যায়সা কোই’ এবং ‘ডিস্কো দিওয়ানে’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। বলিউডে ডিস্কোর নতুন ধারা তৈরি করছিলেন বাপ্পি লাহিড়ী ‘হরি ওম হরি’, ‘রাম্বা হো’ থেকে শুরু করে ‘ডিস্কো ডান্সার’-এর ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ এবং ‘জিমি জিমি আজা আজা’ তখন শ্রোতাদের মুখে মুখে ফিরছে। আশা ভোঁসলের ‘ডিস্কো স্টেশন’-ও জনপ্রিয় হয়েছিল।

এমন সময়ে প্রকাশিত হয়েছিল রূপার ‘ডিস্কো জ্যাজ’। কিন্তু জনপ্রিয়তার দৌড়ে জায়গা করে নিতে পারেনি অ্যালবামটি। দ্য গার্ডিয়ানকে ২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রূপা জানিয়েছিলেন, অ্যালবামটির হাতে গোনা কয়েকটি কপি বিক্রি হয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে নিজের গানের ক্যাসেট কিনতে তাঁকে নিজেকেই দোকানে যেতে হয়েছিল। মাত্র ২৬ বছর বয়সে অ্যালবামটি ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন রূপা। কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়ায় ভেঙে পড়েন। তাঁর কথায়, 'এরপর আর নতুন করে গান তৈরি বা কেরিয়ার শুরু করার মতো মানসিক শক্তি অবশিষ্ট ছিল না।'

১৯৮৪ সালে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে বিয়ে করে ইন্দোনেশিয়ায় চলে যান তিনি। সেখানে মাঝেমধ্যে গান গাইলেও ধীরে ধীরে সঙ্গীত জগত্‍ থেকে দূরে সরে যান। ২০১০ সালে স্বামীর মৃত্যুর পর সম্পূর্ণভাবে গান ছেড়ে দেন রূপা।

কীভাবে  ফিরে এল GTA 6-এ ‘আজ শনিবার’?

রূপা যখন কেউ চেনেন না এই প্রজন্মের, তখন তাঁর গান নতুন করে আবিষ্কার করতে শুরু করেছেন বিদেশের সঙ্গীতপ্রেমীরা। ২০১২ সালে আশিম আহলুওয়ালিয়ার ছবি ‘মিস লাভলি’-তে ‘ডিস্কো জ্যাজ’-এর কয়েকটি গান ব্যবহার করা হয়। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগেও জায়গা পেয়েছিল। এরপর সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনেবলস একটি অনলাইন রেকর্ড বিক্রির তালিকায় ‘ডিস্কো জ্যাজ’-এর খোঁজ পান। ‘আজ শনিবার’ গানটি শুনে মুগ্ধ হয়ে নিজের ডিজে সেটে বাজাতে শুরু করেন তিনি। পরে কানাডার শিল্পী ও ডিজে ড্যান স্নেইথ, যিনি কারিবু ও ড্যাফনি নামে পরিচিত, গানটির প্রেমে পড়েন। তাঁর বিভিন্ন ডিজে অনুষ্ঠান ও রেডিয়ো সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে যায় রূপার গান।

সঙ্গীতশিল্পী রূপা বিশ্বাস - ফাইল ছবি

২০১৭ সালে জার্মানির একটি লেবেল থেকে অ্যালবামটির অনানুষ্ঠানিক সংস্করণ প্রকাশিত হয়। পরে ২০১৯ সালে শিকাগোর আর্কাইভাল মিউজিক লেবেল ‘নুমেরো গ্রুপ’ আনুষ্ঠানিকভাবে ‘ডিস্কো জ্যাজ’ পুনরায় প্রকাশ করে। তবে বিদেশে তাঁর গান নিয়ে এত চর্চা হচ্ছে, সে সম্পর্কে কিছুই জানতেন না রূপা। কলকাতার বাড়িতে তাঁর ছেলে দেবায়ন সেন পুরনো অ্যালবামটি খুঁজে পান। মাকে ক্যাসেটটি দেখালে প্রথমে সেটি ফেলে দিতে বলেছিলেন রূপা। তিনি কল্পনাও করতে পারেননি, একসময় যে গান কেউ কিনতে চাননি, সেই গানই একদিন আন্তর্জাতিক ক্ষেত্রে এত জনপ্রিয় হয়ে উঠবে।

৩০ বছর পর আবার মঞ্চে ফেরা

ছেলের হাত ধরে পুরনো গানের নতুন পরিচিতির কথা জানতে পারেন রূপা। ধীরে ধীরে ফিরতে শুরু করেন সঙ্গীতের দুনিয়ায়। ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতা জ্যাজ ফেস্টে প্রায় ৩০ বছর পর প্রথমবার মঞ্চে গান করেন তিনি। ২০২৪ সালে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারেও তাঁর অনুষ্ঠান ঘিরে আগ্রহ তৈরি হয়। ২০২৪ সালের এপ্রিলে 'ভোগ ইন্ডিয়া'কে দেওয়া সাক্ষাৎকারে রূপা জানিয়েছিলেন, বয়স বাড়লেও মানুষ যে তাঁকে গান গাওয়ার জন্য ডাকছেন, তাতেই তিনি খুশি।

GTA 6-এর মতো আন্তর্জাতিক জনপ্রিয় ভিডিও গেমে জায়গা করে নিল তাঁর ‘আজ শনিবার’। যে অ্যালবাম একসময় প্রত্যাশা পূরণ করতে পারেনি, যে গানকে একদিন বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছিল, সেটিই চার দশক পর নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে।

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement